বাংলাদেশ অন্য কোনো দেশের ভূরাজনৈতিক প্রতিযোগিতার ‘দাবার বোর্ড’ হতে চায় না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, নিজেদের শর্তে বিশ্বের সঙ্গে আলোচনা, সহযোগিতা ও অংশীদারত্ব এগিয়ে নিতে চায় বাংলাদেশ।
শনিবার (৩ অক্টোবর) রাজধানীতে পঞ্চম বে অব বেঙ্গল কনভারসেশনের ‘নতুন করে লেখা এক বিশ্ব’ শীর্ষক এক সেশনে এসব কথা বলেন তিনি।
শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ এখন এমন একটি অবস্থানে রয়েছে, যেখানে দেশ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। অন্য খেলোয়াড়দের খেলার জন্য দাবার বোর্ড হতে চায় না বাংলাদেশ। নিজেদের শর্তে এগিয়ে যাওয়ার পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে আলোচনা, সহযোগিতা ও অংশীদারত্বে প্রস্তুত রয়েছে ঢাকা। পররাষ্ট্রনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে জনগণের স্বার্থকে গুরুত্ব দেওয়ার কথাও জানান তিনি।
মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ

উপসাগরীয় যুদ্ধের মতো পরিস্থিতিতে বাংলাদেশের অভিজ্ঞতার কথা তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সে সময় দেশকে অপ্রত্যাশিত জ্বালানি সংকট এবং উপসাগরীয় দেশগুলোতে বসবাস ও কর্মরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশিকে নিয়ে দুটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল। তিনি জানান, ওই সময়ে উপসাগরীয় বিভিন্ন দেশে কর্মরত ১৪ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছিলেন।
শামা ওবায়েদ বলেন, এ ধরনের পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে অর্থনীতি, কূটনীতি ও জ্বালানির উৎসে বৈচিত্র্য আনার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। নতুন জ্বালানি উৎস ও ক্ষেত্র খোঁজার পাশাপাশি দেশের নিজস্ব গ্যাস ও এলএনজি উৎস অনুসন্ধানের কথা জানান তিনি। সৌরবিদ্যুতের দিকেও নজর দেওয়া হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী।
রোহিঙ্গা সংকট নিয়েও কথা বলেন শামা ওবায়েদ। তিনি বলেন, এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে আসছে, যা দেশের অর্থনীতির ওপর চাপ তৈরি করেছে। তবে মানবিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ এ বিষয়ে সহযোগিতাপূর্ণ অবস্থানে রয়েছে। রোহিঙ্গাদের সম্মানজনক, নিরাপদ ও সুশৃঙ্খল প্রত্যাবাসনের জন্য অংশীদার, বন্ধু ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি।
‘নতুন করে গড়ে ওঠা এক বিশ্বে ক্ষমতা, প্রযুক্তি ও আস্থার পথচলা’ স্লোগানে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) আয়োজনে চলছে পঞ্চম বে অব বেঙ্গল কনভারসেশন। তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলন ৫ অক্টোবর শেষ হওয়ার কথা।

















