আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। পূজামণ্ডপের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সড়ক মেরামত, পরিষ্কার-পরিচ্ছন্নতা, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন ও সড়কবাতি সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া প্রথমবারের মতো ডিএসসিসির আওতাধীন ১৬৮টি পূজামণ্ডপে মোট ১৯ লাখ ৮০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর কাকরাইলের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ সনাতন পার্টি আয়োজিত জাতীয় প্রতিনিধি সম্মেলন, মহালয়া উদযাপন ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন মো. আবদুস সালাম।
তিনি জানান, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ডিএসসিসির আওতাধীন পূজামণ্ডপগুলোতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে ১৬৮টি পূজামণ্ডপে মোট ১৯ লাখ ৮০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। এর মধ্যে ঐতিহ্যবাহী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরকে আলাদাভাবে ১০ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।
মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ

ডিএসসিসি প্রশাসক আরও বলেন, পূজামণ্ডপের আশপাশের ক্ষতিগ্রস্ত সড়ক আগামী দুই দিনের মধ্যে মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দুর্গাপূজা সামনে রেখে পুরো নগরীতে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
তিনি জানান, পূজামণ্ডপসংলগ্ন ড্রেন ও নর্দমা জরুরি ভিত্তিতে পরিষ্কারের ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে আশপাশের নষ্ট সড়কবাতি পরিবর্তন এবং ড্রেনেজ সমস্যার সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।
মণ্ডপসংলগ্ন এলাকায় সড়কবাতি, ড্রেনেজ ব্যবস্থা কিংবা শৃঙ্খলাজনিত কোনো সমস্যা দেখা দিলে তা সিটি করপোরেশনকে জানানোর আহ্বান জানান তিনি।
দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনে নগরীর পরিচ্ছন্নতা, সড়ক মেরামত এবং প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন ডিএসসিসি প্রশাসক।
















