ছাত্রদের আত্মত্যাগের কারণেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে পেরেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একই সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে গোপন আঁতাতের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছে বলে অভিযোগ করেছেন তিনি। নাহিদের দাবি, দেশে এখন স্বৈরাচার ও চাঁদাবাজরা এক হয়েছে, আর এর ফলে দেশ ধ্বংসের আশঙ্কা তৈরি হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে এনসিপির শরীয়তপুর জেলা শাখা আয়োজিত নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সারের ডিলার নিয়োগে দলীয়করণ, চাকরিতে নিয়োগ-বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদে এ সভার আয়োজন করা হয়।
মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ!

বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, বিদেশে আওয়ামী লীগ ও দেশে বিএনপি—এই দুই শক্তির কারণে দেশের মানুষ শান্তিতে নেই। একসময় যারা অর্থ পাচার করেছেন, তাঁদের জায়গায় এখন নতুন অর্থ পাচারকারীরা এসেছেন বলেও অভিযোগ করেন তিনি।
বিএনপির নেতাকর্মীদের একাংশের সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, দলের মধ্যে থাকা চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দখলদারদের চিহ্নিত করে বহিষ্কার করতে হবে। তা না হলে তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে না।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, গ্যাসের দাম ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। বিভিন্ন স্তরে সিন্ডিকেট গড়ে ওঠায় দ্রব্যমূল্য আকাশচুম্বী হয়েছে। এর ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। অথচ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার কার্যকর ভূমিকা রাখতে পারছে না বলে অভিযোগ করেন তিনি।
প্রশাসনের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। অতীতের ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে জনগণের স্বার্থে কাজ করতে হবে।
সভায় বক্তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, নিয়োগ-বাণিজ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এসব সমস্যা সমাধানে প্রশাসনের নিরপেক্ষতা, রাজনৈতিক দলগুলোর জবাবদিহি এবং জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়ার দাবি জানান তাঁরা।
শরীয়তপুর জেলা এনসিপির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আদীব আরিফ, শ্রমিক শক্তির সদস্যসচিব ঋজু মোর্শেদ এবং দলের কেন্দ্রীয় সদস্য ইমরান হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা এনসিপির সদস্যসচিব সবুজ তালুকদার। এ ছাড়া জেলা যুবশক্তির আহ্বায়ক কাউসার, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক ইয়াসিন এবং নারীশক্তি ও শ্রমিকশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
















