কুড়িগ্রামের নাগেশ্বরীতে সারের ডিলার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছেন উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মী ও সমর্থকেরা।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে তারা এই কর্মসূচি পালন করেন। বিক্ষোভকারীদের অভিযোগ, বিএনপির নাগেশ্বরী উপজেলা কমিটির আহ্বায়ক ও সদস্যসচিবের অনিয়মের কারণে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের সারের ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর প্রতিবাদে তারা এই বিতর্কিত নিয়োগ বাতিলের দাবি জানান।
আজ দুপুরে নাগেশ্বরী কলেজ মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এক স্মারকলিপি প্রদান করেন বিক্ষোভকারীরা।
কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাধারণ সভা পরিচালনায় আদালতের স্থগিতাদেশ

উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্যসচিব আতিকুর রহমান লেবু, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম আল আমিন, সাবেক সভাপতি নুরনবী দুলাল, পৌর যুবদলের আহ্বায়ক হাফিজুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুজ্জামান হক, পৌর যুবদলের সদস্যসচিব নুরুজ্জামান এবং পৌর যুবদলের সহসভাপতি মিজানুর রহমান মিজানসহ অন্য নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, গত ১৭ বছরের আওয়ামী লীগের শাসনামলে বিএনপির নেতাকর্মীদের ওপর ঘটে যাওয়া নির্যাতনের ঘটনা তৃণমূলের কেউ ভুলে যাননি। অর্থের বিনিময়ে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করে আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের পুনর্বাসনের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
তারা আরও অভিযোগ করেন, নাগেশ্বরী উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১৫ জন সার ডিলারের মধ্যে ১০ জনকেই আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্য থেকে নিয়োগ দেওয়া হয়েছে। উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য এবং উপজেলা বিএনপির সদস্যসচিব মোখলেছুর রহমান এবং উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজার অনিয়মের কারণে এসব নিয়োগ হয়েছে বলে তারা দাবি করেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা বলেন, “যারা মিছিল করেছেন, তারা বিষয়টি না বুঝে করেছেন। সম্পূর্ণ নিয়মানুযায়ী যারা যোগ্য, তারাই ডিলারশিপ পেয়েছেন। এখানে বিএনপির কোনো হাত নেই এবং দল কোথাও কোনো হস্তক্ষেপও করেনি।”
















