কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রয়াত এক বিএনপি নেতার বিধবা স্ত্রীকে স্বাবলম্বী করে তুলতে সেলাই মেশিন উপহার দিয়েছে উপজেলা জামায়াতে ইসলামী। দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে নেওয়া এ উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপকারভোগী ঝুমা আক্তার।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার বনগ্রাম ইউনিয়নের উত্তর জামষাইট গ্রামে ঝুমা আক্তারের বাড়িতে গিয়ে তাঁর হাতে সেলাই মেশিনটি তুলে দেন জামায়াতের স্থানীয় নেতারা। তাঁর স্বামী প্রয়াত মো. সাইফুল ইসলাম বনগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।
স্বামীর মৃত্যুর পর পরিবারের আর্থিক সংকট মোকাবিলা এবং ঝুমা আক্তারের আয়ের সুযোগ তৈরি করতেই এ উদ্যোগ নেওয়া হয়। সেলাই মেশিন বিতরণকালে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, বনগ্রাম ইউনিয়ন জামায়াতের সভাপতি অধ্যাপক মাওলানা আবু ইছা, ইউনিয়ন প্রচার সেক্রেটারি হাফিজুর রহমান, ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা মো. ইদ্রিস আলী এবং পেশাজীবী ইউনিয়নের সভাপতি মো. কামাল উদ্দিন।
নাগেশ্বরীতে সারের ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি

সেলাই মেশিন পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে ঝুমা আক্তার বলেন, ‘আমার স্বামী বিএনপির ওয়ার্ড সভাপতি ছিলেন। আমরা বিএনপির রাজনৈতিক পরিবারের হলেও জামায়াতে ইসলামী দল-মতের ঊর্ধ্বে উঠে আমার পাশে দাঁড়িয়েছে এবং আমাকে একটি সেলাই মেশিন উপহার দিয়েছে। আমার তিনটি মেয়ে রয়েছে। এমন সহযোগিতা আমার পরিবারের জন্য অনেক বড় প্রাপ্তি।’
তিনি আরও বলেন, মানুষের বিপদে পাশে দাঁড়ানোর ক্ষেত্রে দলীয় ভেদাভেদ থাকা উচিত নয়। এ মানবিক উদ্যোগের জন্য জামায়াতে ইসলামীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
কটিয়াদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান বলেন, কাউকে সহযোগিতা করার ক্ষেত্রে তিনি কোন দলের বা ধর্মের, তা বিবেচনা করা হয় না; বরং কার সহযোগিতা প্রয়োজন, সেটিই দেখা হয়। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত এ নির্দেশনা রয়েছে বলেও জানান তিনি।
সেলাই মেশিন বিতরণ শেষে প্রয়াত সাইফুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

















