ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত অবস্থায় আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের আটটি বগি বিচ্ছিন্ন হয়ে পেছনে পড়ে যায়। এ সময় ইঞ্জিনসহ তিনটি বগি নিয়ে প্রায় দুই কিলোমিটার এগিয়ে যায় ট্রেনটি। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।
শুক্রবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ৩টার দিকে কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিচ্ছিন্ন বগিগুলো সংযুক্ত ও প্রয়োজনীয় মেরামত শেষে বিকেল সাড়ে ৪টার দিকে ট্রেনটি পুনরায় ময়মনসিংহের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পাবনায় বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত আরও ২!

তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি কাওরাইদ ও মশাখালী স্টেশনের মধ্যবর্তী এলাকা অতিক্রম করার সময় বগিগুলোর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। হুক ভেঙে ‘খ’ পাওয়ার কারসহ মোট আটটি বগি পেছনে পড়ে থাকে। অন্যদিকে ইঞ্জিনসহ ‘ক’, ‘গ’ ও ‘ঘ’—এই তিনটি বগি নিয়ে প্রায় দুই কিলোমিটার চলে যায় ট্রেনটি।
এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকলেও বর্তমানে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
















