অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কঠোর সমালোচনা করেছেন বীর মুক্তিযোদ্ধা ও কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলুর রহমান। তার অভিযোগ, ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ভূমিকার কারণে দেশের তিন-চারটি প্রজন্ম ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে ড. ইউনূসের প্রতি মানুষের আস্থা ও সম্মান কমে যাওয়ার দাবি করে বেশ কিছু কঠোর মন্তব্যও করেছেন তিনি। সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে ফজলুর রহমানকে এসব কথা বলতে শোনা যায়।
ভিডিওতে সংসদ সদস্য মো. ফজলুর রহমান বলেন, একসময় ড. মুহাম্মদ ইউনূসকে তারা বাংলার একজন মহান সন্তান হিসেবে বিবেচনা করতেন। কিন্তু সেই মানুষটিই দেশের সবকিছুর সর্বনাশ করেছেন বলে তিনি মনে করেন।
ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়কার কর্মকাণ্ড ও তার প্রভাব নিয়ে সমালোচনা করতে গিয়ে ফজলুর রহমান বলেন, ‘যাকে আমরা বাংলার মহান সন্তান মনে করেছিলাম, তিনিই সবকিছুর সর্বনাশ করে দিয়েছেন। তিন-চারটি জেনারেশন নষ্ট করে দিয়েছেন।’
গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে সরকার: জামায়াত আমির

তিনি আরও দাবি করেন, ড. ইউনূসের প্রতি মানুষের মধ্যে এখন ব্যাপক ক্ষোভ ও ঘৃণা তৈরি হয়েছে। তার ভাষায়, ‘একটা ছেলেকেও কেউ বিশ্বাস করে না। মানুষ থুথু দেয়, ঘৃণা করে। এমন ঘৃণা করে, এটা অকল্পনীয়।’
এ সময় ড. ইউনূস ও তার নেতৃত্বাধীন সরকারের প্রতি মানুষের অসন্তোষের চিত্র তুলে ধরতে গিয়ে ফজলুর রহমান আরও কঠোর মন্তব্য করেন। তিনি বলেন, পুলিশ ছাড়া কোথাও গেলে গণপিটুনির শিকার হয়ে রাস্তায় পড়ে থাকতে হবে, এমনকি কেউ তাদের উদ্ধার করতেও এগিয়ে আসবে না।
ফজলুর রহমানের এসব বক্তব্যে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ভূমিকা, সিদ্ধান্ত ও তার প্রভাব নিয়ে তার তীব্র অসন্তোষের বিষয়টি উঠে এসেছে। সম্প্রতি প্রকাশিত ভিডিওটি ঘিরে তার মন্তব্যগুলো নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
















