অনিবার্য বিপ্লব দরজায় টোকা দিচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। একই সঙ্গে বৃহত্তর ত্যাগের জন্য যুবসমাজকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। তারেক রহমানের জাপান সফর এবং মাতারবাড়ি নিয়ে চুক্তির বিষয়েও সরকারের কাছে ব্যাখ্যা দাবি করেছেন জামায়াত আমির। পাশাপাশি কানেক্টিভিটির নামে অন্য দেশের কাছে বাংলাদেশের স্বার্থ ছেড়ে দেওয়ার বিরোধিতা করেন তিনি।
শনিবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ঢাকা থেকে খুলনা-কুষ্টিয়া অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরুর আগে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।
সমাবেশে তিনি বলেন, অনিবার্য বিপ্লব দরজায় টোকা দিচ্ছে। এ পরিস্থিতিতে যুবসমাজকে বৃহত্তর ত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে।
‘তিন-চারটি প্রজন্ম নষ্ট করে দিয়েছেন ড. ইউনূস’: ফজলুর রহমান

জামায়াত আমির অভিযোগ করেন, তারেক রহমানের জাপান সফর নিয়ে লুকোচুরি করা হচ্ছে। মাতারবাড়ি নিয়ে কী ধরনের চুক্তি হয়েছে, তা জাতির সামনে স্পষ্ট করার দাবি জানান তিনি।
এ সময় কানেক্টিভিটির নামে অন্য কোনো দেশের কাছে বাংলাদেশের স্বার্থ ছেড়ে দেওয়া যাবে না বলেও হুঁশিয়ারি দেন বিরোধীদলীয় নেতা।
সমাবেশে ১১ দলীয় ঐক্যের শীর্ষস্থানীয় নেতারাও বক্তব্য দেন। তাঁরা অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ সাত দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে দাবি আদায় না করে সরকার স্বৈরাচারী পথে হাঁটলে অতীতের সরকারের মতো পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।
















