মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করে আওয়ামী লীগ দীর্ঘদিন রাজনৈতিক ব্যবসা করেছে বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তাঁর অভিযোগ, মুক্তিযুদ্ধের পর এবার আরেকটি দল জুলাই চেতনাকে নিয়েও ব্যবসা করছে। একই সঙ্গে মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের চেতনাকে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর রাজনৈতিক কিংবা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (২ নভেম্বর) দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদ কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা ও অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ধর্মমন্ত্রী।
কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, আওয়ামী লীগ দীর্ঘদিন মুক্তিযোদ্ধাদের নিয়ে ব্যবসা করেছে। এখন আবার আরেকটি দল জুলাই চেতনাকে নিয়ে ব্যবসা করছে। আমরা কোনো ধরনের ব্যবসা করতে চাই না। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যার যার প্রাপ্য সম্মান তাকে দিতে হবে। দেশের সব শ্রেণি-পেশা ও ধর্মের মানুষের যথাযথ সম্মান নিশ্চিত করতে হবে।
আন্দোলন নয়, বিরোধী দলকে সংসদে এসে বক্তব্য দেওয়ার আহ্বান চিফ হুইপের!

তিনি আরও বলেন, জুলাই চেতনার মূল উদ্দেশ্য ও আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশের উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যেতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন মুক্তিযুদ্ধ কিংবা জুলাই চেতনাকে নিজেদের রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। দেশের ইতিহাস, বীর মুক্তিযোদ্ধা এবং জনগণের আন্দোলনের চেতনাকে যথাযথ সম্মানের সঙ্গে ধারণ করতে হবে।
অনুষ্ঠানে ধর্মমন্ত্রীর নিজস্ব তহবিল থেকে মুরাদনগর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ৫ লাখ টাকা এবং অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আরও ৫ লাখ টাকা বিতরণ করা হয়। সব মিলিয়ে মোট ১০ লাখ টাকার আর্থিক অনুদান দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান, মুরাদনগর সার্কেল পুলিশ সুপার কামরুজ্জামান, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন চৌধুরী, বাঙ্গরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, সদস্যসচিব মোল্লা মজিবুল হকসহ দলটির স্থানীয় নেতারা।
এ ছাড়া উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

















