প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ভবিষ্যতে স্বরাষ্ট্রমন্ত্রী হলে দেশে ছাগল ও ল্যাপটপ চুরির ঘটনা বেড়ে যাবে। পাটওয়ারীর রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে কটাক্ষ করে এমন মন্তব্য করেন তিনি। একই সঙ্গে আওয়ামী লীগের কাছ থেকে এনসিপি চাঁদাবাজি ও আর্থিক সহযোগিতা নিচ্ছে বলেও অভিযোগ করেন রাশেদ খাঁন।
সোমবার (২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
রাশেদ খাঁন অভিযোগ করেন, আওয়ামী লীগকে ভয় দেখিয়ে বর্তমানে এনসিপি তাদের কাছ থেকে চাঁদাবাজি করছে। এর প্রমাণ হিসেবে তিনি দাবি করেন, নাসীরুদ্দীন পাটওয়ারী আওয়ামী লীগের নেতাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন এবং তাদের দেওয়া গাড়ি ও টাকা ব্যবহার করছেন। অথচ এখন তিনি বিভিন্ন বিষয়ে কঠোর বক্তব্য দিচ্ছেন।
‘সামনে আর কী কী বাড়বে, বিএনপি সরকার আগেভাগেই প্ল্যানটা জানিয়ে দিক’: নাসীরুদ্দীন পাটওয়ারী

তিনি আরও বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে জামায়াত ও এনসিপির হুংকার দেওয়ার পেছনে একটি উদ্দেশ্য রয়েছে। আওয়ামী লীগকে তারা বোঝাতে চায়, নিয়মিত অনুদান ও চাঁদা দেওয়া এবং পেছন থেকে সহযোগিতা বন্ধ করলে তাদের জন্য পরিণতি ভালো হবে না।
নাসীরুদ্দীন পাটওয়ারীর রাজনৈতিক অভিজ্ঞতা নিয়েও কটাক্ষ করেন রাশেদ খাঁন। তিনি বলেন, ছাত্ররাজনীতির সময় ল্যাপটপ চুরি এবং জাতীয় রাজনীতিতে যুক্ত হওয়ার পর ছাগল চুরিই পাটওয়ারীর অভিজ্ঞতা। এমন অভিজ্ঞতা নিয়ে তিনি রাষ্ট্র পরিচালনা করতে চান, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার কথাও বলছেন।
রাশেদ খাঁনের মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী হলে দেশে ছাগল ও ল্যাপটপ চুরির ঘটনা আরও বেড়ে যাবে।
















