বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খানের জন্মদিন আজ। ১৯৬৫ সালের ২ নভেম্বর জন্ম নেওয়া এই তারকার বয়স এখন ৬১ বছর। তিন দশকের বেশি সময় ধরে হিন্দি সিনেমায় নিজের অবস্থান ধরে রেখেছেন তিনি। তবে খেলোয়াড় হওয়ার স্বপ্ন নিয়ে পথচলা শুরু করা শাহরুখ কীভাবে অভিনয়জগতে এলেন, সেই গল্পও বেশ চমকপ্রদ।
একসময় ক্রিকেট, ফুটবল ও হকিতে ভালো দক্ষতা ছিল শাহরুখের। তাঁর স্বপ্ন ছিল খেলোয়াড় হওয়ার। কিন্তু পিঠের নিচের অংশে গুরুতর চোট পাওয়ায় সেই স্বপ্ন থমকে যায়। দীর্ঘদিন বিছানায় থাকতে হয় তাঁকে। শারীরিক অসুস্থতার পাশাপাশি মানসিকভাবেও কঠিন সময় পার করেন তিনি।
সেই সময় মায়ের পরামর্শে থিয়েটারের সঙ্গে যুক্ত হন শাহরুখ। দিল্লির লেডি শ্রীরাম কলেজে ‘অ্যানি গেট ইওর গান’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে শুরু হয় তাঁর মঞ্চযাত্রা। পরে রামলীলায় হনুমানের দলের একটি বানরের চরিত্রেও অভিনয় করেন তিনি।
ক্যানসারের খবরেই বদলে যায় সিদ্ধান্ত, ১৫ মিনিটেরও কম সময়ে বিয়ে করেন হিনা খান!

শুরুর দিকের সেই অভিজ্ঞতা নিয়ে এক সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছিলেন, লম্বা লেজ লাগিয়ে বানরের চরিত্রে মঞ্চে অভিনয় করাই দর্শকের সামনে তাঁর ভয় কাটাতে সাহায্য করেছিল।
থিয়েটার থেকে টেলিভিশন, এরপর বড় পর্দা—এভাবেই ধীরে ধীরে অভিনয়জগতে নিজের জায়গা তৈরি করেন শাহরুখ। ‘ফৌজি’ ও ‘সার্কাস’-এর মতো টেলিভিশন ধারাবাহিকে অভিনয়ের পর ১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তাঁর।
এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই অভিনেতাকে। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘স্বদেশ’, ‘চাক দে! ইন্ডিয়া’, ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর মতো সিনেমায় অভিনয় করে পেয়েছেন দর্শকের ভালোবাসা।
৬১তম জন্মদিনে ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন শাহরুখ খান। খেলোয়াড় হওয়ার স্বপ্ন পূরণ না হলেও অভিনয় দিয়ে বিশ্বজুড়ে কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন বলিউডের এই তারকা।
















