জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের আক্কেলপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী সিরাজুল ইসলাম শেখ লালুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক হাসিবুল হক এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এ টি এম মিজানুর রহমান।
দণ্ডপ্রাপ্ত সিরাজুল ইসলাম শেখ লালু আক্কেলপুর উপজেলার গুডুম্বা গ্রামের মৃত আব্দুস ছাত্তার শেখের ছেলে।
নিজের নামে সিম তুলতে গিয়ে বিপাকে সৌদি প্রবাসী!

মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালে বগুড়ার আদমদিঘী উপজেলার ঘোড়াদহ মধ্যপাড়া গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে পান্না বিবির সঙ্গে সিরাজুল ইসলাম শেখ লালুর বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের কোনো সন্তান না হওয়ায় বিভিন্ন সময় তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগে থাকত। ২০২৩ সালের ৭ মার্চ রাতে পারিবারিক কলহের জেরে সিরাজুল তার স্ত্রীকে গলায় রশি পেঁচিয়ে ও গলা কেটে হত্যা করেন।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে পরের দিন আক্কেলপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর একই বছরের ৩০ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা ও জেলা ডিবি পুলিশের তৎকালীন উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত বুধবার এ রায় দেন।
















