পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর মোসাম্মৎ ইসরাত জাহান যুথি (১৫) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে উপজেলার ঘটকের আন্দুয়া গ্রামের একটি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
যুথি ওই গ্রামের মো. জামাল হাওলাদারের মেয়ে। সে সুবিদখালী র.ই. পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর সকালে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে বাড়ি থেকে বের হয় যুথি। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
ফেনীতে কার্গোভ্যান আটকে ৪০ লাখ টাকার শুঁটকি লুট, আন্তজেলা চক্রের ৪ সদস্য গ্রেফতার

বৃহস্পতিবার সকালে বাড়ির পাশেই মেয়ের জুতা দেখতে পান তার বাবা জামাল হাওলাদার। পরে জুতার সূত্র ধরে আশপাশে খোঁজাখুঁজি করতে গিয়ে পাশের একটি বাগানে মেয়ের মরদেহ দেখতে পান তিনি।
খবর পেয়ে মির্জাগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে।
নিহতের বাবা জামাল হাওলাদার জানান, মেয়ের জুতা দেখতে পেয়ে তিনি আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাগানে গিয়ে মেয়ের মরদেহ দেখতে পান। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
















