সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির পটুয়াখালী জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব তোফাজ্জল হোসেনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
জাতীয় ছাত্রশক্তির দপ্তর সম্পাদক সরদার নাদিম মাহমুদ শুভ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের পরিপ্রেক্ষিতে তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার ও সাধারণ সম্পাদক তাহমিদ আল-মুদ্দাসসীর চৌধুরী নির্দেশনা দিয়েছেন।
এ বিষয়ে পটুয়াখালী জেলা ছাত্রশক্তির আহ্বায়ক মিরাজ ইমতিয়াজ বলেন, তোফাজ্জল হোসেন ছাত্রশক্তির রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে জামায়াতকে নিয়ে নিয়মিত পোস্ট করেন। এমনকি তাকে জামায়াত-শিবিরের বিভিন্ন কর্মসূচিতেও দেখা যায়।
আক্কেলপুরে হেযবুত তওহীদের উঠান বৈঠকে উগ্রবাদীদের হামলার চেষ্টা, অনুষ্ঠান স্থগিত

তিনি আরও বলেন, এ বিষয়ে তোফাজ্জলকে আগেও সতর্ক করা হয়েছিল। কিন্তু তিনি সেই সতর্কতা আমলে নেননি। একটি সংগঠনে থেকে অন্য সংগঠনের প্রতি আনুগত্য প্রদর্শনের বিষয়টি সাংগঠনিকভাবে গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন জেলা ছাত্রশক্তির এই আহ্বায়ক।
জেলা ছাত্রশক্তির সদস্য সচিব রিফায়েত কবির খান বলেন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তোফাজ্জল হোসেনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
















