চিকিৎসকদের পেশাগত দায়িত্ব পালনে রাজনীতির প্রভাব থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। তিনি বলেছেন, চিকিৎসকদের রাজনীতিতে থাকা কিংবা তাদের রাজনীতিতে জড়ানো কোনোটিই ঠিক নয়। একই অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধী উল্লেখ করে বলেছেন, প্রতিটি অপরাধের জন্য তাকে দণ্ড ভোগ করতে হবে।
শনিবার (১৪ নভেম্বর) জাতীয় ফিজিক্যাল মেডিসিন ও পুনর্বাসন দিবস উপলক্ষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে এসব বক্তব্য উঠে আসে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকসহ বিএনপির জ্যেষ্ঠ নেতারা ও চিকিৎসকরা।
সেমিনারে বক্তব্য দিতে গিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নিজের খেলোয়াড়ি জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, খেলোয়াড়দের সুস্থতা, চোট থেকে দ্রুত সেরে ওঠা এবং মাঠে পারফরম্যান্স ধরে রাখার ক্ষেত্রে ফিজিক্যাল মেডিসিন ও পুনর্বাসন চিকিৎসার গুরুত্ব অনেক।
এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে সরকার, ৮০ শতাংশই নারী: ডা. জুবাইদা রহমান

পরে বক্তব্য দেন মির্জা আব্বাস। তিনি বলেন, বাংলাদেশের চিকিৎসাব্যবস্থা ভালো হলেও এখনো কিছু সীমাবদ্ধতা রয়েছে। দেশের চিকিৎসকদের দক্ষতার প্রশংসা করে তিনি বলেন, বিশ্বের যেকোনো দেশের চিকিৎসকদের তুলনায় বাংলাদেশের চিকিৎসকরা ভালো—এমন বিশ্বাস তার রয়েছে।
তবে দেশে চিকিৎসকের সংকটের পাশাপাশি রাজনৈতিক কারণে অনেক চিকিৎসক তাদের অভিজ্ঞতা ও দক্ষতা যথাযথভাবে কাজে লাগানোর সুযোগ পান না বলেও মন্তব্য করেন তিনি। চিকিৎসকদের পেশাগত কাজে রাজনীতির প্রভাব থেকে দূরে রাখার ওপর গুরুত্ব দেন বিএনপির এই নেতা।
অন্যদিকে, অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধী। তাকে প্রতিটি অপরাধের জন্য দণ্ড ভোগ করতে হবে। একই সঙ্গে ফ্যাসিবাদীদের আকাঙ্ক্ষা ও পরিকল্পনা প্রতিরোধে জাতীয়তাবাদী শক্তি ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠান শেষে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি প্রেসক্লাব ও আশপাশের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
















