‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ এই স্লোগানে উগ্রবাদের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে রংপুরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে মতবিনিময় সভা করেছে ‘সবার জন্য বাংলাদেশ’।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে বিভাগীয় নগরীর পানসি কনভেনশন সেন্টারের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থেকে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন ‘সবার জন্য বাংলাদেশ’-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মসিউর রহমান।
গাইবান্ধায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর লিফলেট তৈরির অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার

এ সময় তিনি ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি এবং একটি ঐক্যবদ্ধ জাতি গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। একই সাথে ‘সবার জন্য বাংলাদেশ’ একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম। এটি সবার ধর্মীয় ও বাকস্বাধীনতা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ সবার জন্য। এ দেশে জন্মগ্রহণকারী প্রত্যেক মানুষের শান্তিপূর্ণভাবে বসবাস, মতপ্রকাশ, ধর্মীয় বিশ্বাস ধারণ এবং নিজস্ব সংস্কৃতি লালন করার অধিকার রয়েছে। এগুলো একজন নাগরিকের মানবাধিকার ও সাংবিধানিক অধিকার। অথচ একটি উগ্রবাদী গোষ্ঠীর কারণে মানুষের বাকস্বাধীনতা ও মৌলিক অধিকার খর্ব হচ্ছে।
ধর্ম-বর্ণ-দল-মতনির্বিশেষে প্রত্যেকের বাকস্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা ও সংগঠন করার অধিকার দেশের সংবিধান এবং আন্তর্জাতিক আইনে স্বীকৃত। এসব অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই ‘সবার জন্য বাংলাদেশ’ দেশব্যাপী কার্যক্রম শুরু করেছে। এ অগ্রযাত্রায় সবাইকে সার্বিক সহযোগিতার আহ্বান জানান তিনি।
বিভাগীয় কো-অর্ডিনেটর আব্দুল কুদ্দুস শামীমের সঞ্চালনায় এবং জেলা কো-অর্ডিনেটর আমিরুল ইসলামের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. শফিকুল ইসলাম কানু, সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর রংপুর মহানগর কমিটির সভাপতি অ্যাডভোকেট জোবায়দুল ইসলাম বুলেট, রিপোর্টার্স ক্লাব রংপুরের সভাপতি শাহ বায়েজিদ আহমেদ, সাধারণ সম্পাদক মাজেদ মাসুদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নরেশ চন্দ্র সরকার, রংপুর কারমাইকেল কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আইরি সুলতানা, বাংলা বিভাগের অধ্যাপক জাহাঙ্গীর আলম, তিস্তা বাঁচাও নদী বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক শফিয়ার রহমান, রংপুর জেলা সাংস্কৃতিক ঐক্য পরিষদের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী ডলার, লালন একাডেমির সভাপতি আবু নাঈম, নিরাপদ সড়ক চাই-এর আহ্বায়ক রাসেল আহমেদ, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের আহ্বায়ক মানিক মিয়া, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা আহ্বায়ক কামরুল ইসলাম ও সদস্যসচিব নাজিম উদ্দিন সুমনসহ রংপুরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় উপস্থিত বক্তারা সামাজিক সচেতনতা সৃষ্টির মাধ্যমে উগ্রবাদমুক্ত ও শান্তিপূর্ণ সমাজ তথা রাষ্ট্র বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
















