গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধায় নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লিফলেট তৈরি এবং আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের রাজনৈতিক প্রচারণায় জড়িত থাকার অভিযোগে মো. আশিকুর রহমান ইমন (৪৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত ২টা ৪০ মিনিটের দিকে গাইবান্ধা সদর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের থানাপাড়া এলাকায় জেলা পরিষদ মোড়ের সামনে ২ নম্বর রেলগেট সংলগ্ন ‘রাইট ট্র্যাক অনলাইন’ দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আশিকুর রহমান ইমন ওই এলাকার মো. খলিলুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, নিষিদ্ধ ঘোষিত যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ নেতা সজীবের নামে জাফর এবং গাইবান্ধার আশিকুরের মাধ্যমে পোস্টার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে সদর ফাঁড়ির পুলিশও সহযোগিতা করে।
রংপুরে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

পুলিশের দাবি, অভিযানের সময় দোকানে প্রবেশ করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে কম্পিউটারের সঙ্গে সংযুক্ত হার্ডডিস্ক খুলে ফেলার চেষ্টা করা হয়। পরে পুলিশ হার্ডডিস্কটি পুনরায় সংযুক্ত করে কম্পিউটারের বিভিন্ন ফাইল পর্যালোচনা করে। এ সময় নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তৈরি করা বিভিন্ন লিফলেট, আগামী ডিসেম্বর ২০২৬ সালে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনসংক্রান্ত প্রচারপত্র এবং শেখ হাসিনার ৮০তম জন্মদিন উপলক্ষে তৈরি লিফলেট পাওয়া যায়।
এ ছাড়া আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের কার্যক্রম পুনরায় প্রতিষ্ঠার লক্ষ্যে গোপনে প্রচারণার উদ্দেশ্যে এসব লিফলেট তৈরি করা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানতে পারে পুলিশ। তৈরি করা প্রচারপত্র ই-মেইলের মাধ্যমে ঢাকা মহানগর আওয়ামী লীগ ও রংপুর বিভাগীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে পাঠানোর তথ্যও পাওয়া গেছে বলে দাবি পুলিশের।
এ ঘটনায় গ্রেফতার আশিকুর রহমান ইমনের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় ১৩ নভেম্বর একটি মামলা করা হয়েছে (মামলা নম্বর ২২)। সাইবার সুরক্ষা আইন ২০২৬ এর ২৩(১)(ক)(ঘ), ২৩(২) ও ২৭ ধারায় মামলাটি দায়ের করা হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে অভিযুক্তের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

















