সৌদি আরবের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগজনক মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাতের প্রভাবে সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলো চাপে রয়েছে এবং সৌদি আরব ‘ভেঙে পড়ছে’। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার না করতে সৌদি আরবসহ কয়েকটি দেশ তাঁকে অনুরোধ জানিয়েছে বলেও দাবি করেছেন তিনি। ট্রাম্পের এমন মন্তব্য যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরবের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) প্রকাশিত এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প। স্টিফেন এ স্মিথকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, চাইলে মাত্র তিন দিনের মধ্যেই ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করে দিতে পারে যুক্তরাষ্ট্র।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংস করতে এক দিন, সেতুগুলো গুঁড়িয়ে দিতে আরেক দিন এবং দেশটির উৎপাদন সক্ষমতা নিশ্চিহ্ন করতে তৃতীয় দিন প্রয়োজন হবে। তবে আপাতত এমন সামরিক অভিযান চালানোর বিষয়ে তিনি উপসাগরীয় দেশগুলোর অনুরোধের কথা তুলে ধরেন।
গোপনে আরব দলগুলোর সমর্থন চেয়েছিলেন নেতানিয়াহু, দাবি ইসরায়েলি এমপির!

সৌদি আরবের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে ট্রাম্প বলেন, দেশটি তাঁকে বর্তমান পরিস্থিতি বজায় রাখার অনুরোধ জানিয়েছে। তাঁর ভাষায়, ‘সৌদি আরব আমাকে বলেছে, পরিস্থিতি এখন যেমন আছে, আপাতত তেমনই থাকতে দিন। কারণ, তারা ভেঙে পড়ছে।’
এ সময় কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের কথাও উল্লেখ করেন তিনি। এসব দেশও চলমান পরিস্থিতিতে সামরিক অভিযান না বাড়ানোর পক্ষে বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।
উপসাগরীয় দেশগুলোর ওপর নিজের প্রভাব নিয়ে ট্রাম্পের এমন বক্তব্য অবশ্য নতুন নয়। এর আগেও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে নিজের সম্পর্ক এবং দেশটির ওপর যুক্তরাষ্ট্রের প্রভাবের কথা বিভিন্ন সময়ে তুলে ধরেছেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই নিজেদের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের সামরিক সহযোগিতার ওপর নির্ভরশীল সৌদি আরব।
গত মার্চে ইরানকে কেন্দ্র করে সংঘাত তীব্র হওয়ার সময় সৌদি যুবরাজকে নিয়েও মন্তব্য করেছিলেন ট্রাম্প। সে সময় তিনি বলেছিলেন, মোহাম্মদ বিন সালমান ধারণা করতে পারেননি যে তাঁকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। একসময় সৌদি যুবরাজ মনে করেছিলেন, ট্রাম্পও আগের ব্যর্থ মার্কিন প্রেসিডেন্টদের মতো হবেন। কিন্তু পরিস্থিতির কারণে এখন তাঁকে ট্রাম্পের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হচ্ছে।
এদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের সময় উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে পড়ে। বিশেষ করে ছোট দেশগুলো এসব হামলায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। শুরুতে সৌদি আরব তুলনামূলকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে পারলেও পরবর্তী সময়ে ইয়েমেনের হুতিদের হামলার ঝুঁকি বেড়ে যায়।
গত গ্রীষ্মে সৌদি-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার এবং ইরান-সমর্থিত হুতিদের মধ্যে যুদ্ধবিরতি ভেঙে যায়। এরপর থেকে দেশটিতে নতুন করে সংঘাত তীব্র হয়েছে। এর প্রভাবে সৌদি আরবের বিমানবন্দর, জ্বালানি স্থাপনা ও বিভিন্ন শহরকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটছে।
এসব হামলার প্রভাব পড়ছে সৌদি আরবের অর্থনীতিতেও। তেলনির্ভরতা কমিয়ে অর্থনীতিতে বৈচিত্র্য আনার লক্ষ্যে দেশটির নেওয়া বিভিন্ন উদ্যোগ বাধাগ্রস্ত হচ্ছে। নিরাপত্তাঝুঁকির কারণে গুরুত্বপূর্ণ সম্মেলন বাতিল করতে হয়েছে। একই সঙ্গে জ্বালানি সরবরাহ ও রপ্তানি কার্যক্রমেও বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
তবে উপসাগরীয় দেশগুলোর ওপর চলমান সংঘাতের প্রভাব নিয়ে ট্রাম্পের মূল্যায়নের সঙ্গে মার্কিন প্রশাসনের সবাই একমত নন। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপসাগরীয় দেশগুলোর দুর্ভোগ নিয়ে উদ্বেগকে তেমন গুরুত্ব দিতে চাননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সাক্ষাৎকারে ট্রাম্প আরও দাবি করেন, উপসাগরীয় দেশগুলো যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে। তাঁর ভাষায়, দেশগুলো যুক্তরাষ্ট্রে ‘ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার’ ব্যয় করছে। এসব দেশের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের অর্থনৈতিক সম্পর্কও গুরুত্বপূর্ণ বলে ইঙ্গিত দেন তিনি।
এর আগে গত সেপ্টেম্বরে সৌদি আরবের কাছে সর্বোচ্চ ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর। সম্ভাব্য এই চুক্তির মূল্য প্রায় ২৪ বিলিয়ন ডলার।
এদিকে ইরানের বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক অভিযান নতুন করে শুরু করার পরিকল্পনা আপাতত নেই বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে হরমুজ প্রণালি অবরোধের মাধ্যমে ইরানের অর্থনীতির ওপর চাপ বাড়ানোর কৌশল নেওয়া হয়েছে।
চলতি সপ্তাহের শুরুতে মার্কো রুবিও বলেন, হরমুজ প্রণালি দিয়ে নিয়মিত তেল পরিবহন ব্যাহত হওয়ায় মূলত ইরানের তেল রপ্তানি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাঁর দাবি, দেশটির ওপর অর্থনৈতিক চাপ ইতিমধ্যে ব্যাপক প্রভাব ফেলেছে। এ কারণে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রয়োজনীয়তা দেখছেন না প্রেসিডেন্ট।
সূত্র: মিডল ইস্ট আই
















