শোষণ, বৈষম্য, সাম্রাজ্যবাদ ও অন্যায়ের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করে যিনি পরিচিতি পেয়েছিলেন ‘মজলুম জননেতা’ হিসেবে, সেই মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৬ সালের ১৭ নভেম্বর তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। দিবসটি উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে তাঁর মাজার প্রাঙ্গণে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। সাত দিনব্যাপী ঐতিহ্যবাহী ভাসানী মেলাকে ঘিরেও সেখানে ভক্ত, অনুসারী ও সাধারণ মানুষের সমাগম ঘটছে।
১৯৭৬ সালের ১৭ নভেম্বর ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী। পরে টাঙ্গাইলের সন্তোষে তাঁকে সমাহিত করা হয়। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সন্তোষ ছাড়াও রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
ইতিমধ্যে সন্তোষে তাঁর মাজার প্রাঙ্গণে শুরু হয়েছে সাত দিনব্যাপী ঐতিহ্যবাহী ‘ভাসানী মেলা’। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সংলগ্ন মাজার এলাকায় আয়োজিত এ মেলায় দূরদূরান্ত থেকে ভক্ত, অনুসারী ও দর্শনার্থীরা আসছেন।
প্রধানমন্ত্রীর দাদাবাড়ি বগুড়া হলেও নানাবাড়ি কিন্তু নোয়াখালী: সংসদে হান্নান মাসউদ

মৃত্যুবার্ষিকীর মূল কর্মসূচির অংশ হিসেবে আজ সকালে মাজারে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। মওলানা ভাসানীর পরিবার, বিশ্ববিদ্যালয় প্রশাসন, ভাসানী ফাউন্ডেশন, বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে দিনব্যাপী আলোচনা সভা, ওরশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দেশের বিশিষ্ট ব্যক্তিরাও তাঁর মাজারে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভায় অংশ নেবেন।
১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জ জেলার ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন আবদুল হামিদ খান ভাসানী। শৈশবে মা-বাবাকে হারিয়ে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে বেড়ে ওঠেন তিনি। প্রথাগত শিক্ষার পাশাপাশি ভারতের ঐতিহাসিক দারুল উলুম দেওবন্দে ইসলামি শিক্ষা ও দর্শন সম্পর্কে জ্ঞান অর্জন করেন। টাঙ্গাইলের কাগমারিতে শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু হলেও পরবর্তী সময়ে কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নিজেকে সম্পৃক্ত করেন।
সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ ও শোষণের বিরুদ্ধে তাঁর আপসহীন অবস্থান উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে। বিশেষ করে কৃষক-শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার আদায়ে তাঁর দীর্ঘ সংগ্রামের কারণে সাধারণ মানুষের কাছে তিনি ‘মজলুম জননেতা’ হিসেবে পরিচিতি পান।
আসামের ধুবড়ী জেলার ভাসানচরে বসবাসের সময় প্রজাস্বত্ব ও কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়ে ব্যাপক পরিচিতি অর্জন করেন তিনি। এ আন্দোলনে তাঁর ভূমিকার স্বীকৃতি হিসেবে মানুষ তাঁকে ‘ভাসানী’ উপাধিতে ভূষিত করে।
ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে পূর্ব বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম—সব ক্ষেত্রেই সক্রিয় ছিলেন তিনি। ব্রিটিশ আমলে আসামের ‘লাইন প্রথা’ ও ‘বাঙালি খেদাও’ আন্দোলনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। জমিদারি প্রথা উচ্ছেদ এবং কৃষকের ভূমির অধিকার প্রতিষ্ঠায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৪৭ সালের সিলেট গণভোটে সিলেটকে পূর্ব বাংলার অন্তর্ভুক্ত করার আন্দোলনে সামনের সারিতে নেতৃত্ব দেন।
পাকিস্তান প্রতিষ্ঠার পর শাসকগোষ্ঠীর বৈষম্য ও শোষণের বিরুদ্ধে রাজনৈতিক সংগঠন গড়ে তুলতে ১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার রোজ গার্ডেনে তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’। দলটির প্রতিষ্ঠাতা সভাপতি নির্বাচিত হন তিনি। পরবর্তী সময়ে অসাম্প্রদায়িক ও সাম্রাজ্যবাদবিরোধী রাজনীতিকে সংগঠিত করতে ১৯৫৭ সালে প্রতিষ্ঠা করেন ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)।
১৯৫২ সালের ভাষা আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মওলানা ভাসানী। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের অন্যতম প্রধান সংগঠক হিসেবে আন্দোলনে অংশ নেন এবং এ কারণে কারাবরণ করেন।
১৯৫৭ সালে টাঙ্গাইলের সন্তোষে অনুষ্ঠিত ঐতিহাসিক কাগমারী সম্মেলনে পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানান তিনি। সম্মেলনে তাঁর উচ্চারিত ‘আসসালামু আলাইকুম’ রাজনৈতিক ইতিহাসে বিশেষ তাৎপর্য বহন করে। অনেক ইতিহাসবিদের মতে, এর মধ্য দিয়ে পূর্ব বাংলার সম্ভাব্য স্বাধীনতার ইঙ্গিত দিয়েছিলেন তিনি।
১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে আইয়ুব খানের স্বৈরশাসনবিরোধী আন্দোলনেও সক্রিয় ভূমিকা রাখেন ভাসানী। তাঁর নেতৃত্বে আন্দোলন জোরদার হলে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহারের দাবিও আরও বেগবান হয়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। প্রবাসী বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা পরিষদের সভাপতি হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পক্ষে জনমত গঠনে কাজ করেন।
স্বাধীনতার পরও সাধারণ মানুষের অধিকার আদায়ের আন্দোলন থেকে সরে দাঁড়াননি এই নেতা। গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায় এবং পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষার দাবিতে ১৯৭৬ সালের ১৬ মে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের নেতৃত্ব দেন তিনি। ৯৬ বছর বয়সে বার্ধক্য উপেক্ষা করে তাঁর এই পদযাত্রা দেশ-বিদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
ক্ষমতা কিংবা পদ-পদবি নয়, শোষিত ও বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল তাঁর রাজনীতির মূল দর্শন। কৃষক-শ্রমিকের স্বার্থে আপসহীন অবস্থান, সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রাম এবং সাধারণ জীবনযাপনের জন্য আজও স্মরণীয় হয়ে আছেন মওলানা ভাসানী।
এদিকে, মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি একটি জাতীয় কমিটি গঠন করেছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে এবং সদস্যসচিব করা হয়েছে প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুকে। এ ছাড়া বিএনপি, এনসিপি, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের পাশাপাশি স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদেরও মওলানা ভাসানীর মাজারে শ্রদ্ধা নিবেদনের কথা রয়েছে।
















