জাতীয় ঐক্য ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা বলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের চেষ্টা করেছে বিএনপি সরকার। আর এর পরিণতিতে এখন বিএনপিকেই সংকটের মুখে পড়তে হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তাঁর অভিযোগ, আওয়ামী লীগকে রাজনৈতিক পরিসরে জায়গা দেওয়ার পর দলটির কথিত সহিংস কর্মকাণ্ডের মুখে এখন বিরোধী দলগুলোর সহযোগিতা চাইছে বিএনপি।
সোমবার (১৬ নভেম্বর) যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের রমফোর্ডে দ্য মেফেয়ার ভেন্যুতে স্থানীয় সময় রাতে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম। অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন এলাকা থেকে আসা প্রবাসী বাংলাদেশি, শিক্ষার্থী, রাজনৈতিক ও কমিউনিটি নেতারা উপস্থিত ছিলেন।
নাহিদ ইসলাম বলেন, গত সাত মাসে জাতীয় ঐক্য, সমঝোতা ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির নামে আওয়ামী লীগকে রাজনৈতিক পরিসরে জায়গা দেওয়ার চেষ্টা করেছে বিএনপি সরকার। এর পরিণতিতে এখন বিএনপির নেতা-কর্মীদের বাড়িঘরেও হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে।
শেখ হাসিনার বিচার বাংলাদেশের আইনেই হবে, অন্য কোনো দেশ কথা বলতে পারে না: ডা. জাহেদ

তিনি অভিযোগ করেন, বিএনপির একটি অংশ আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের উদ্যোগে ভূমিকা রেখেছে। অথচ বর্তমানে আওয়ামী লীগের কথিত সহিংস কর্মকাণ্ডের মুখে বিএনপি অসহায় হয়ে বিরোধী দলগুলোর সহযোগিতা চাইছে।
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনে এনসিপির আহ্বায়ক বলেন, বাংলাদেশ রাষ্ট্র গঠনে ভূমিকার জন্য তাঁরা জিয়াউর রহমানকে শ্রদ্ধা করেন। তবে তিনি আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। নিজের জীবনদানের মধ্য দিয়ে তাঁকে সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে হয়েছে বলে মন্তব্য করেন নাহিদ। পরবর্তী সময়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও বর্তমান চেয়ারম্যান তারেক রহমানকেও রাজনৈতিক প্রতিকূলতার মুখে পড়তে হয়েছে বলে উল্লেখ করেন তিনি। দীর্ঘ সময় তারেক রহমানকে যুক্তরাজ্যে নির্বাসিত থাকতে হয়েছে বলেও মন্তব্য করেন নাহিদ।
বিএনপিকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংস্কার ও বিচার নিশ্চিত না করে জাতীয় ঐক্যের কথা বলার কোনো অর্থ নেই। জুলাই গণঅভ্যুত্থানের ঐক্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে নয়, বরং বাংলাদেশের জনগণের সঙ্গে। তাই দ্রুত সংস্কার বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর এবং জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত অপরাধের বিচার নিশ্চিত করতে হবে।
এদিকে, সংবর্ধনা অনুষ্ঠান শেষে ভেন্যুর সামনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেখানে এনসিপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন আহত হন।
















