দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জে মোট ১৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে ৮ প্লাটুন, গাজীপুরে ৬ প্লাটুন এবং নারায়ণগঞ্জে ৪ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) আনসার সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জের রাজনৈতিক অস্থিরতা এবং গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা কিংবা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধনের কোনো ঘটনা বরদাশত করা হবে না বলেও জানানো হয়।
ফেনীর ৪৩ ইউপিতে তিন ধাপে নির্বাচন: প্রথম ধাপে ভোট ২১ জানুয়ারি

আনসার সদর দপ্তরের সরাসরি নির্দেশনায় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা সংশ্লিষ্ট জেলাগুলোর গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা ও কেপিআইভুক্ত স্থাপনার নিরাপত্তায় তাঁরা নির্ধারিত স্থানে দায়িত্ব পালনের পাশাপাশি প্রধান সড়ক ও মহাসড়কে নিয়মিত টহল দিচ্ছেন।
এ ছাড়া সম্ভাব্য নাশকতা, অগ্নিসংযোগ, ভাঙচুর এবং রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধন রোধে সংশ্লিষ্ট এলাকাগুলোতে নজরদারি অব্যাহত রয়েছে। যানবাহন ও জনসাধারণের স্বাভাবিক চলাচল নির্বিঘ্ন রাখতেও কাজ করছেন মোতায়েন করা সদস্যরা।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মাঠপর্যায়ে নিরাপত্তাব্যবস্থার কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করছেন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। দায়িত্ব পালনে শৃঙ্খলা, পেশাদারিত্ব ও সমন্বয় বজায় রাখার পাশাপাশি জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।
জনগণের জানমালের নিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের কথা জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
















