দুই মাসের ছুটিতে দেশে এসেছিলেন কাতারপ্রবাসী প্রকৌশলী নেজাম উদ্দিন পারভেজ (৩৪)। ছুটি শেষে কর্মস্থলে ফেরার কথা থাকলেও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আর ফেরা হলো না তার। আট মাসের কন্যাসন্তান ও স্ত্রীকে রেখে শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাতে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
পারভেজ বোয়ালখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাংলা পাড়া এলাকার নুর হোসেন সওদাগরের বাড়ির আহম্মদ নবীর ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার বড়।
পরিবার সূত্রে জানা গেছে, ২০১৮ সালে কাতারে পাড়ি জমান পারভেজ। সেখানে ব্যবসা করতেন তিনি। প্রবাসে যাওয়ার পর তিনবার ছুটিতে দেশে এসেছিলেন। এবার প্রায় ২০ থেকে ২৫ দিন আগে দুই মাসের ছুটি নিয়ে দেশে ফেরেন।
বিকাশের আড়াই কোটি টাকা ছিনতাই, ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ২

পারভেজের বাবা আহম্মদ নবী জানান, পাঁচ দিন আগে তার ছেলের জ্বর শুরু হয়। শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হয়। পরে অবস্থার আরও অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পারভেজের ছোট বোনের স্বামী গিয়াস উদ্দিন জানান, দুই বছর আগে দেশে এসে বিয়ে করেন পারভেজ। স্ত্রী আছমিরা মেহনাজের সঙ্গে তার আট মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। মেয়ের নাম ফারহিনানা পারভেজ আয়রা।
মৃত্যুর সময় হাসপাতালে পারভেজের পাশে ছিলেন গিয়াস উদ্দিন। তিনি জানান, মৃত্যুর আগে হাতের ইশারায় তাকে কাছে ডাকেন পারভেজ। এরপর তার ডান হাত নিজের বুকের ওপর রেখে বলেন, ‘আমি মনে হয় বাঁচব না। আমার ছোট্ট কলিজা মেয়েকে আপনার হাতে দিয়ে গেলাম।’
গিয়াস উদ্দিন বলেন, দুই মাসের ছুটিতে দেশে এসেছিলেন পারভেজ। কিন্তু আর প্রবাসে ফেরা হলো না তার। ফিরতে হলো মাটির কবরে।
শনিবার জানাজা শেষে স্থানীয় সামাজিক কবরস্থানে পারভেজকে দাফন করা হয়।

















