দীর্ঘ ৬৯ বছর পর আবারও ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে যুক্তরাজ্য। ২০৩৫ সালের নারী ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজনের দায়িত্ব পেতে যাচ্ছে ইংল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলস। সবকিছু ঠিক থাকলে চার দেশের ১৯টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বের নারী ফুটবলের সবচেয়ে বড় এই আসর। এতে অংশ নেবে ৪৮টি দল, মাঠে গড়াবে মোট ১০৪টি ম্যাচ।
সোমবার (২৩ নভেম্বর) সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তরে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা ও অনুমোদন দেওয়ার কথা রয়েছে। ফিফার বিশেষ কংগ্রেসের ভার্চ্যুয়াল সভায় ভোটের মাধ্যমে চার দেশের যৌথ আয়োজক হওয়ার বিষয়টি চূড়ান্ত করা হবে।
‘অল টুগেদার’ নামের যৌথ বিডে ২০৩৫ নারী বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দিয়েছে চার দেশ। প্রস্তাব অনুযায়ী, ৩৯ দিনব্যাপী এই টুর্নামেন্টে ৪৮টি দল অংশ নেবে এবং অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ। ম্যাচগুলো আয়োজনের জন্য মোট ১৯টি স্টেডিয়াম প্রস্তাব করা হয়েছে।
২৮ বলে সেঞ্চুরি, ৫২ বলে ডাবল! ১৫ বছরেই বিশ্বরেকর্ড বৈভবের!

প্রস্তাবিত স্টেডিয়ামগুলোর মধ্যে ইংল্যান্ডে রয়েছে ১৪টি, স্কটল্যান্ডে দুটি, ওয়েলসে দুটি এবং উত্তর আয়ারল্যান্ডে একটি। এর মাধ্যমে যুক্তরাজ্যের চারটি দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়বে নারী ফুটবল বিশ্বকাপের উন্মাদনা।
উল্লেখ্য, সর্বশেষ ১৯৬৬ সালে পুরুষ ফুটবল বিশ্বকাপ আয়োজন করেছিল ইংল্যান্ড। দীর্ঘ বিরতির পর ২০৩৫ সালে নারী বিশ্বকাপ আয়োজনের মধ্য দিয়ে আবারও বিশ্বকাপ ফুটবলের আয়োজক হতে যাচ্ছে যুক্তরাজ্য।
এদিকে একই ফিফা কংগ্রেসে ২০৩১ সালের নারী বিশ্বকাপের আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কোস্টারিকা ও জ্যামাইকার যৌথ বিড অনুমোদনের বিষয়টিও বিবেচনায় রয়েছে। ২০৩১ সালেই প্রথমবারের মতো ৪৮টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে নারী ফুটবল বিশ্বকাপ।
সূত্র: বিবিসি

















