বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় দীর্ঘদিন ধরে শূন্য থাকা সহকারী কমিশনার (ভূমি) পদে নতুন কর্মকর্তা হিসেবে যোগদানের প্রক্রিয়ায় গতকাল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে নিজের উপস্থিতি নিশ্চিত করেছেন মোছা. কাউছারী আক্তার। তিনি ৪১তম বিসিএসের একজন ক্যাডার কর্মকর্তা।
নবনিযুক্ত সহকারী কমিশনার (ভূমি) মোছা. কাউছারী আক্তারের জন্মস্থান ময়মনসিংহ জেলায়। বিজয়নগরে যোগদানের আগে তিনি নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন।
দীর্ঘদিন পর বিজয়নগরে নতুন এসিল্যান্ডের যোগদানের খবরে ভূমিসংক্রান্ত সেবাপ্রত্যাশী সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও আশার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা প্রত্যাশা প্রকাশ করেছেন, নতুন কর্মকর্তা দায়িত্ব গ্রহণের পর ভূমি অফিসের সেবাপ্রাপ্তি আরও সহজ ও গতিশীল হবে।
রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান, বিদ্যুৎ উৎপাদনে এগোচ্ছে প্রকল্প!

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সহকারী কমিশনার (ভূমি) মোছা. কাউছারী আক্তার বলেন, “এলাকার জনসাধারণের সহযোগিতা পেলে কাজ করার ক্ষেত্রে উৎসাহ জাগবে। কোনো কারণে যদি বিতর্ক সৃষ্টি হয় এবং এসিল্যান্ড চলে যেতে হয়, তাহলে শেষ পর্যন্ত এই এলাকার মানুষই ভুক্তভোগী হবে।”
তিনি আরও বলেন, “আমরা জনগণের সেবা করতে চাই আইনসংগতভাবে। সবার সহযোগিতা নিয়ে দায়িত্ব পালন করতে চাই।”
স্থানীয়রা জানান, দীর্ঘদিন এসিল্যান্ডের পদ শূন্য থাকায় ভূমিসংক্রান্ত বিভিন্ন কাজে সাধারণ মানুষকে নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়েছে। নতুন কর্মকর্তা দায়িত্ব গ্রহণের মাধ্যমে এসব সমস্যা অনেকটাই কমবে বলে তারা আশা প্রকাশ করেছেন।
নবনিযুক্ত সহকারী কমিশনার (ভূমি) মোছা. কাউছারী আক্তার দায়িত্ব পালনে স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেছেন।
















