কালিয়াকৈর প্রতিনিধি, গাজীপুর:
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ৫ নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দ ও সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন মেয়র পদপ্রার্থী সাইজুদ্দিন আহমেদ। গত ২৫ তারিখে ওয়ার্ডটিতে তার নিজ বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়। এতে দুই শতাধিক নারী-পুরুষ ভোটার অংশ নেন।
আনোয়ার হোসেন আনাস কাকার সভাপতিত্বে ও আল ইসহাক রাব্বির সঞ্চালনায় সভায় বক্তারা কোনো দলীয় পরিচয়ে নয়, বরং এলাকার বাসিন্দা হিসেবে ৫ নম্বর ওয়ার্ডের সমস্যাগুলো তুলে ধরেন।
সভায় ব্যবসায়ী আব্দুস সালাম, খবির উদ্দিন, শামীম হোসেন, ওয়াসিম হোসেন, রাশেদ তালুকদার, সুজন মাহমুদ, রেজাউল করিম ও জয়নাল আবেদীনসহ স্থানীয় বাসিন্দারা বক্তব্য রাখেন। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ৫ নম্বর ওয়ার্ডের বেশিরভাগ রাস্তা ভাঙাচোরা হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই হাঁটুপানি জমে যাওয়ায় শিক্ষার্থী, রোগী ও ব্যবসায়ীদের যাতায়াতে ভোগান্তি হচ্ছে এবং প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। এ ছাড়া কর পরিশোধের পরও ড্রেন পরিষ্কার না করায় জলাবদ্ধতা ও মশার উপদ্রবে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। নির্দিষ্ট ডাম্পিং স্টেশন না থাকায় রাস্তার পাশে ও খালের ধারে ময়লা ফেলায় পরিবেশ দূষিত হচ্ছে বলেও জানান তারা। বক্তারা বলেন, শুধু ৫ নম্বর ওয়ার্ড নয়, পুরো পৌরসভাতেই রাস্তা, পানি, সড়কবাতি ও নিরাপত্তার সংকট রয়েছে।
সাদুল্লাপুরে ডিবি পুলিশের অভিযানে ২ কেজি শুকনো গাঁজা উদ্ধার, একজন আটক

সভায় উপস্থিত নারীরাও রান্নাঘরে পানির সংকট, সন্তানদের ময়লা পানিতে হেঁটে স্কুলে যাওয়া ও অসুস্থদের হাসপাতালে নেওয়ার ভোগান্তির কথা তুলে ধরেন। তারা ভোটের পরও জনগণের খোঁজখবর রাখবেন, এমন মেয়র প্রত্যাশা করেন।
প্রধান অতিথির বক্তব্যে সাইজুদ্দিন আহমেদ জানান, মেয়র নির্বাচিত না হয়েও তিনি নিজ অর্থায়নে প্রায় এক কোটি টাকার কাজ করেছেন। নির্বাচিত হলে প্রতিটি ওয়ার্ডে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, মহল্লায় ডাম্পিং ব্যবস্থা স্থাপন, রাস্তাঘাট মেরামতকে অগ্রাধিকার দেওয়া, অসহায়, অসুস্থ ও কন্যাদায়গ্রস্তদের জন্য বিশেষ তহবিল গঠন এবং পৌরসভার প্রতিটি টাকার হিসাব জনগণের সামনে প্রকাশ করার প্রতিশ্রুতি দেন তিনি। সব ধরনের সমস্যায় এলাকাবাসীর পাশে থাকার আশ্বাসও দেন তিনি।
সভা শেষে প্রবীণ ও সাধারণ ভোটাররা জানান, বড় জনসভার পরিবর্তে সরাসরি কোনো পদপ্রার্থীর সামনে নিজেদের সমস্যার কথা তুলে ধরার সুযোগ পাওয়ায় তারা আশাবাদী।

















