সম্প্রীতি ও সহাবস্থানের বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ঠাকুরগাঁওয়ে সামাজিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় ঠাকুরগাঁও শহরের টাটকা চাইনিজ রেস্টুরেন্টে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে এ সভার আয়োজন করা হয়।
সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান। তিনি বলেন, বাংলাদেশ সবার জন্য। এ দেশে জন্ম নেওয়া প্রত্যেক মানুষের শান্তিপূর্ণভাবে বসবাস, মতপ্রকাশ, ধর্মীয় বিশ্বাস ধারণ এবং নিজস্ব সংস্কৃতি লালন করার অধিকার রয়েছে। এগুলো একজন নাগরিকের মানবাধিকার ও সাংবিধানিক অধিকার।
তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ ও দল-মতনির্বিশেষে প্রত্যেক নাগরিকের বাক্স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা এবং সংগঠন করার অধিকার দেশের সংবিধান ও আন্তর্জাতিক আইনে স্বীকৃত। এসব অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই ‘সবার জন্য বাংলাদেশ’ দেশব্যাপী কার্যক্রম পরিচালনা করছে। সংগঠনের এ অগ্রযাত্রায় তিনি সবার সহযোগিতা কামনা করেন।
সুনামগঞ্জ সীমান্তে বিজিবির কড়াকড়ি, বসল আধুনিক নজরদারি প্রযুক্তি

বিভাগীয় কো-অর্ডিনেটর আব্দুল কুদ্দুস শামীমের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন রংপুর বিভাগীয় কো-অর্ডিনেটর আব্দুল ওহাব মিন্টু, ঠাকুরগাঁও জেলা কো-অর্ডিনেটর রাকিব আল হাসান, জেলা জাসদের সভাপতি মনসুর আলী, আলপনা সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সদস্য মাসুদ আহমদ সুবর্ণ, বাউলশিল্পী মীর সানোয়ার হোসেন শানু, ঠাকুরগাঁও সুজন বন্ধুর সভাপতি মইনুদ্দিন তালুকদার হিমেল, সহসভাপতি আমিনুর রহমান জনি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাধারণ সম্পাদক শংকর কুমার দে, যোগেশ দাস এবং সাংস্কৃতিক কর্মী ও সংগীতশিল্পী জ্যোতিষ চন্দ্র বর্মন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মোহাম্মদ জুলফিকার আলী সরকার, সংগঠনটির সাধারণ সম্পাদক ও ঠাকুরগাঁও জেলা রিপোর্টার্স ইউনিটির আসাদুজ্জামান আসাদ, বাংলাদেশ মানবাধিকার কমিশনের জেলা সভাপতি গৌর হরি বর্মন, ঠাকুরগাঁও সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক সামন্ত কুমার সেন ও হামিদুর রহমান, গণমাধ্যমকর্মী আলামিন হোসেন, ঠাকুরগাঁও সরকারি কলেজের প্রধান শিক্ষিকা খাদিজা বানু, অবসরপ্রাপ্ত শিক্ষিকা মির্জা আজিজা বেগম, জাতীয়তাবাদী মহিলা দলের মোছাম্মৎ মেহেরুন আক্তার এবং ২ নম্বর সালন্দর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল হালিমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ ছাড়া জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতারা সভায় অংশ নেন। সভায় বক্তারা সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে উগ্রবাদ ও বিদ্বেষমুক্ত, সম্প্রীতিপূর্ণ ও শান্তিপূর্ণ সমাজ ও রাষ্ট্র গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
















