প্রেমের টানে চীন থেকে কুমিল্লার দেবিদ্বারে প্রেমিকার বাড়িতে ছুটে এসেছিলেন ৩৫ বছর বয়সী যুবক জেকুইন। তবে পরিবারের অসম্মতির কারণে বিয়ে করা হয়নি তার। দীর্ঘ আলোচনার পরও পরিবারকে রাজি করানো সম্ভব না হওয়ায় শুক্রবার মধ্যরাতে পুলিশের সহযোগিতায় প্রেমিকার বাড়ি ছেড়ে চলে যান তিনি।
শুক্রবার দুপুরে দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সুলতানপুর গ্রামে প্রেমিকা নুসরাত জাহান তামান্নার বাড়িতে যান জেকুইন। চীন থেকে এক যুবক প্রেমিকার বাড়িতে এসেছেন—এ খবর ছড়িয়ে পড়লে তাকে দেখতে ওই বাড়িতে ভিড় করেন স্থানীয় উৎসুক মানুষ।
জেকুইন জানান, প্রায় ছয় মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাটের মাধ্যমে তামান্নার সঙ্গে তার পরিচয় হয়। ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় এবং একপর্যায়ে তা ভালোবাসায় রূপ নেয়। প্রেমিকার সঙ্গে দেখা করতে এবং তাকে বিয়ে করার উদ্দেশ্যে গত ১৯ নভেম্বর চীন থেকে বাংলাদেশে আসেন তিনি। ঢাকার একটি আবাসিক হোটেলে অবস্থানের পর শুক্রবার সরাসরি প্রেমিকার গ্রামের বাড়িতে যান।
উগ্রবাদের বিরুদ্ধে ঐক্যের বার্তা নিয়ে রাজশাহীতে ‘সবার জন্য বাংলাদেশ’র মতবিনিময় সভা

অন্যদিকে, তামান্না জানান, তিনি জেকুইনকে বিয়ে করে চীনে যেতে চান। তবে তার মা-বাবা ও স্থানীয় লোকজন এ বিয়েতে সম্মতি দেননি। দীর্ঘ আলোচনা করেও পরিবারকে রাজি করানো সম্ভব না হওয়ায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন ও পুলিশের সহযোগিতা নেওয়া হয়। পরে শুক্রবার মধ্যরাতে পুলিশের সহায়তায় বাড়ি ছাড়েন জেকুইন।
তামান্নার বাবা আমীর হোসেন বলেন, তারা দরিদ্র পরিবারের মানুষ। মেয়ের সঙ্গে ওই যুবকের মোবাইল ফোনে পরিচয় হয়েছে। যুবক এক মাসের ভ্রমণ ভিসা নিয়ে বাংলাদেশে এসেছেন। বিয়ের জন্য তার পরিবার ও সংশ্লিষ্ট দেশের আইনগত সম্মতিপত্র নিয়ে এলে মেয়েকে বিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করবেন তারা।
ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম জানান, চীনা যুবকের আসার খবর পেয়ে তিনি ওই বাড়িতে যান। যুবক এক মাসের ভ্রমণ ভিসা নিয়ে বাংলাদেশে এসেছেন এবং তার কাছে বিয়ের কোনো অনুমতিপত্র ছিল না। বিভিন্ন সময়ে বিয়ের পর প্রতারণা ও ব্ল্যাকমেইলের ঘটনা ঘটছে বলেও উল্লেখ করেন তিনি। পরিবারের সম্মতি না থাকায় পুলিশের সহযোগিতায় ওই যুবককে রাতেই গ্রাম ছাড়তে হয়।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, চীনা যুবকের আসার খবর পেয়ে তার নিরাপত্তার কথা বিবেচনা করে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে প্রেমিকার পরিবার বিয়েতে সম্মতি না দেওয়ায় শুক্রবার রাতেই তিনি বাড়ি ছেড়ে চলে যান।
















