একসময় বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে শক্তিশালী দলগুলোর একটি ছিল ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি সর্বশেষ ২০০২ সালে শিরোপা জিতেছিল। এরপর কেটে গেছে ২৪ বছর, কিন্তু অধরা রয়ে গেছে ষষ্ঠ শিরোপা বা ‘হেক্সা’ জয়ের স্বপ্ন। এবার ব্রাজিলের সেই বিশ্বকাপ জয়ের সামর্থ্য নিয়েই প্রশ্ন তুলেছেন দেশটির কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। তাঁর মতে, বর্তমান ব্রাজিল দলে বিশ্বকাপ জেতার মতো যথেষ্ট শক্তি ও ঐক্য নেই।
সম্প্রতি ‘স্টিক টু ফুটবল’ পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়ে ব্রাজিলের বর্তমান ফুটবল পরিস্থিতি নিয়ে নিজের মতামত তুলে ধরেন সাবেক এই তারকা স্ট্রাইকার।
রোনালদো বলেন, ব্রাজিলের ফুটবলাররা এখন ইউরোপীয় খেলোয়াড়দের অনুকরণ করছেন। অথচ আগে নিজেদের প্রতিভা ও সামর্থ্যের ওপর ভর করেই ব্রাজিলিয়ান ফুটবলারদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হতো। তাঁর মতে, বর্তমান সময়ে ইউরোপের খেলোয়াড়েরা শারীরিকভাবে অনেক বেশি শক্তিশালী, দ্রুতগতির ও সুসংগঠিত। পাশাপাশি তাদের খেলার মানও বেশ উন্নত।
বিশ্বকাপ ফাইনালে কুবারসিকে উড়িয়ে দেওয়া এনজোর সেই মুহূর্ত এবার টাইমের সেরা ছবিতে!

ব্রাজিলের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নিয়ে হতাশা প্রকাশ করে রোনালদো বলেন, বিশ্বকাপ জেতার মতো যথেষ্ট শক্তিশালী দল এখন ব্রাজিলের নেই। দলটির মধ্যে প্রয়োজনীয় শক্তি ও ঐক্যের অভাব রয়েছে। ফলে শুধু ইতিহাস ও অতীতের সাফল্যের ভিত্তিতে ব্রাজিলকে বিশ্বকাপের অন্যতম দাবিদার মনে করার সুযোগ নেই বলে তাঁর বক্তব্যে উঠে এসেছে।
ব্রাজিলের হয়ে দুটি বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা রয়েছে রোনালদো নাজারিওর। ১৯৯৪ সালে মাত্র ১৭ বছর বয়সে বিশ্বকাপ দলে থাকলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। সেবার রোমারিও ও বেবেতোদের হাত ধরে শিরোপা জেতে ব্রাজিল। এরপর ২০০২ সালে নিজের অসাধারণ পারফরম্যান্সে দলকে বিশ্বচ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রোনালদো। ওই আসরে ৮ গোল করে জেতেন গোল্ডেন বুট।
নিজের খেলা দলগুলোর মধ্যে ২০০২ সালের ব্রাজিল দলকেই সবচেয়ে শক্তিশালী মনে করেন সাবেক এই তারকা। সেই দলের স্মৃতিচারণা করে তিনি বলেন, ওই দল যে কোনো প্রতিপক্ষকে হারানোর সামর্থ্য রাখত। রবার্তো কার্লোস ছিলেন দুর্দান্ত ফর্মে। কাফু, লুসিও, এডমিলসন ও রকি জুনিয়রও অসাধারণ খেলেছেন। পাশাপাশি গিলবার্তো সিলভা, ক্লেবারসন, রিভালদো, রোনালদিনিও ও জুনিনিওর মতো তারকারা দলকে আরও শক্তিশালী করেছিলেন।
রোনালদোর মতে, ২০০২ সালের সেই ব্রাজিল দলের সঙ্গে বর্তমান দলের পার্থক্য অনেক। একসময় ব্যক্তিগত প্রতিভা, আত্মবিশ্বাস ও দলীয় ঐক্যের সমন্বয়ে প্রতিপক্ষকে চাপে রাখত সেলেসাওরা। কিন্তু বর্তমান সময়ে সেই শক্তির ঘাটতি স্পষ্ট। ফলে ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণে দলকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন রয়েছে।
















