গোপালগঞ্জ ও গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকালে হামলা ও ইটের আঘাতে আহত তিন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যকে দেখতে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতালে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় তিনি আহত সদস্যদের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
শনিবার (২৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী হাসপাতালে যান। সেখানে চিকিৎসাধীন বিজিবি সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন। এ সময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত ছিলেন।
বিজিবি সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকালে দুর্বৃত্তদের হামলায় আহত হন খুলনা সেক্টর সদর দপ্তরে কর্মরত নায়েক মো. মনির হোসেন (৪০)। হামলায় তার মাথায় আঘাত লাগে। পরে তাকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় গত ২১ নভেম্বর তাকে পিলখানার শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতালে স্থানান্তর করা হয়।
মডেল মসজিদ পরিচালনায় ইফার মডেল কেয়ারটেকারদের ভূমিকা বহালের দাবি

অন্যদিকে, গত ১৬ নভেম্বর গাজীপুর শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনের সময় শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে আহত হন গাজীপুর ব্যাটালিয়নের (৬৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালেকুজ্জামান (৪৭) এবং সিপাহি (সিগন্যাল) রঞ্জু মিয়া (২৫)।
ওই ঘটনায় লেফটেন্যান্ট কর্নেল মো. খালেকুজ্জামানের ডান হাতের তিনটি আঙুলের হাড় ভেঙে যায়। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান তিনি। একই ঘটনায় সিপাহি রঞ্জু মিয়ার ডান হাতের হাড় ভেঙে যাওয়ার পাশাপাশি ডান হাত ও বাম পায়ের বিভিন্ন স্থানে ক্ষত সৃষ্টি হয়।
দুই পৃথক ঘটনায় আহত এই তিন বিজিবি সদস্য বর্তমানে পিলখানার শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত সদস্যদের চিকিৎসার অগ্রগতি ও শারীরিক অবস্থার খোঁজ নিতেই স্বরাষ্ট্রমন্ত্রীর এই হাসপাতাল পরিদর্শন।
















