পাকিস্তানের জাতির পিতা ও দেশটির প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। ছয় দিনের সরকারি সফরে পাকিস্তানে থাকা তার নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল শনিবার (২৮ নভেম্বর) করাচিতে জিন্নাহর সমাধিসৌধ পরিদর্শন করেন।
শনিবার ঢাকার পাকিস্তান হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানায়। এতে বলা হয়, করাচিতে পৌঁছে বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্যরা মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং পাকিস্তানের প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে শুক্রবার (২৭ নভেম্বর) সিন্ধু প্রাদেশিক পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিদলকে স্বাগত জানান পরিষদের স্পিকার সৈয়দ আওয়াইস কাদির শাহ। ইসলামাবাদ ও লাহোরে সরকারি কর্মসূচি শেষ করে প্রতিনিধি দলের সদস্যরা করাচিতে পৌঁছান। বিমানবন্দরে সিন্ধু প্রাদেশিক পরিষদের স্পিকারের পক্ষে তাদের অভ্যর্থনা জানান প্রাদেশিক মন্ত্রী রিয়াজ হুসেন শাহ শিরাজি, সংসদ সদস্য জাম শাব্বির আলী খান ও মুহাম্মদ ইউসুফ বালুচ। এ সময় পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
মডেল মসজিদ পরিচালনায় ইফার মডেল কেয়ারটেকারদের ভূমিকা বহালের দাবি

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বাধীন প্রতিনিধি দলে রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী, সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, মুহাম্মদ নাজিবুর রহমান ও নিলুফার চৌধুরী মনি। এ ছাড়া সংসদীয় বাংলাদেশ-পাকিস্তান মৈত্রী গ্রুপের সভাপতি নাসের রহমান এবং বাংলাদেশ দূতাবাসের উপহাইকমিশনার মুহাম্মদ সাকিব সাদাকাতও প্রতিনিধি দলের সঙ্গে রয়েছেন।
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে এ সরকারি সফরে গেছে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল। সফরকালে সিন্ধু প্রাদেশিক পরিষদ পরিদর্শনের পাশাপাশি প্রাদেশিক রাজনৈতিক নেতৃত্ব ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাদের।
এসব বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সংসদীয় সম্পর্ক আরও জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
















