ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের নির্বিচার বোমা হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৫৮৪ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ নভেম্বর) সন্ধ্যায় নিয়মিত ব্রিফিংয়ে এমন তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
এছাড়া গত ৭ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত এক মাসে সব মিলিয়ে ১০ হাজার ৩২৮ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলেও জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা। নিহতদের মধ্যে শিশু হলো ৪ হাজার ২৩৭ জন, নারী ২ হাজার ৭১৯ জন এবং বয়স্ক মানুষের সংখ্যা ৬৩১ জন।
ইসরায়েলিদের বিমান হামলায় এক মাসে ২৫ হাজার ৯৫৬ জন আহত হয়েছেন বলেও জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

অপরদিকে ফিলিস্তিনির দখলকৃত পশ্চিমতীরে এই একই সময়ের মধ্যে ১৬১ জন নিহত হয়েছেন। যা গত কয়েক বছরে এক মাসের মধ্যে সর্বোচ্চ। আর এ বছর সবমিলিয়ে এখন পর্যন্ত পশ্চিমতীরে নিহত হয়েছেন ৩৭১ জন।
গত ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। ওইদিন থেকেই গাজায় বিমান হামলা চালানো শুরু করে ইসরায়েল।
তারা দাবি করছে, গাজায় হামাসের স্থাপনা ও অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। তবে তাদের এসব নির্বিচার ও বর্বরোচিত হামলায় যাদের মৃত্যু হচ্ছে তাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া হামলায় ক্ষয়ক্ষতি হচ্ছে বেসামরিক মানুষের বাড়ি-ঘর। ইসরায়েলের হামলা থেকে বাদ যাচ্ছে না মসজিদ-গির্জার মতো ধর্মীয় স্থাপনাগুলোও।
















