ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১০ বছরের মধ্যেও বাংলাদেশে ফেরার সম্ভাবনা দেখছেন না জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তার মতে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সক্রিয় রাখার একটি রাজনৈতিক কৌশল। এদিকে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করলেও তার প্রত্যাবর্তন নিয়ে আইনি প্রক্রিয়ার কথা জানিয়েছে বর্তমান বিএনপি সরকার।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পাকিস্তানের ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তার বক্তব্যের বিষয়টি উঠে এসেছে বিবিসি উর্দুর এক প্রতিবেদনে।
শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে স্পিকার বলেন, আগামী ১০ বছরের মধ্যেও তার বাংলাদেশে ফেরার সম্ভাবনা দেখছেন না তিনি। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা মূলত আওয়ামী লীগের নেতা-কর্মীদের রাজনৈতিকভাবে সক্রিয় রাখার একটি প্রচেষ্টা বলেও মন্তব্য করেন তিনি।
জুমার নামাজের পর শিশুদের ব্যাডমিন্টন সেট উপহার দিলেন প্রধানমন্ত্রী!

এদিকে শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে তার এই ঘোষণাকে প্রত্যাখ্যান করেছে বর্তমান বিএনপি সরকার। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনগত প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই কেবল তার দেশে ফেরা গ্রহণযোগ্য হবে।
বিবিসি উর্দুর প্রতিবেদন অনুযায়ী, স্পিকার আরও বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। এ ছাড়া ভারত তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর না করলে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) যাওয়ার বিষয়টিও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৫ আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন।
















