কয়েক দিন ধরে চলা নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নিজের বিয়ের ছবি প্রকাশ করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মেরিন ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে সম্পন্ন করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বিয়ের ছবি প্রকাশ করে নিজেই ভক্তদের এই সুখবর জানান অভিনেত্রী। তবে নবদম্পতি ছবিতে নিজেদের মুখ স্পষ্টভাবে প্রকাশ করেননি।
প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, বিয়ের নথিতে স্বাক্ষর করছেন বর, কনেকে আংটি পরিয়ে দিচ্ছেন তিনি। আবার কয়েকটি ছবিতে একে অপরকে জড়িয়ে ধরতে এবং কপালে কপাল ঠেকিয়ে আংটি বদল করতে দেখা যায় দুজনকে। ফুল দিয়ে সাজানো হয়েছিল বিয়ের আয়োজনস্থল। দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সম্পন্ন হয় বাগ্দান ও আইনি বিয়ের আনুষ্ঠানিকতা।

বিয়ের সাজেও ছিল ভিন্নতার ছাপ। প্রচলিত লাল বা উজ্জ্বল রঙের পোশাকের পরিবর্তে অফ-হোয়াইট রঙের কারুকাজ করা পোশাক বেছে নেন মিমি। পোশাকের হাতা ও গলায় ছিল সোনালি জরির পাশাপাশি মুক্তার নকশা। অন্যদিকে সিদ্ধার্থ পরেছিলেন আইভরি রঙের সোনালি কাজ করা পাঞ্জাবি। মিমির সাজে ছিল পান্না ও সোনালি ঝুমকো, মুক্তা-সোনার বালা এবং খোলা চুলে সোনালি ও সবুজ পাথরের অলংকার।
জনপ্রিয় অভিনেতা সোহেল খানের আকস্মিক মৃত্যু, শোকের ছায়া নাটক ও চলচ্চিত্র অঙ্গনে!


সিদ্ধার্থ দত্ত বিনোদনজগতের কেউ নন। পেশায় তিনি একজন মেরিন ইঞ্জিনিয়ার। তবে তার পরিবারের সঙ্গে কলকাতার অভিনয়জগতের সম্পর্ক রয়েছে। সিদ্ধার্থের বড় ভাইয়ের স্ত্রী বাংলা টেলিভিশনের পরিচিত অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্য। এত দিন মিমির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও এবার পারিবারিক সম্পর্কেও নতুন পরিচয়ে যুক্ত হলেন তারা।
বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নিজের পোষ্য কুকুর ‘চিকু জুনিয়র’কে কোলে নিয়েই বাড়ি ফেরেন মিমি। পশুপ্রেমী হিসেবে পরিচিত এই অভিনেত্রী বিশেষ দিনেও প্রিয় পোষ্যকে সঙ্গে রাখতে ভোলেননি। অনুষ্ঠান শেষে বাইরে অপেক্ষায় থাকা সাংবাদিক ও আলোকচিত্রীদের সঙ্গেও কথা বলেন তিনি। গাড়িতে ওঠার আগে হাসিমুখে হাত নেড়ে ধন্যবাদ জানান এবং উপস্থিত সংবাদকর্মীদের জন্য মিষ্টিও পাঠান।

জানা গেছে, আইনি বিয়ের পর আগামী সপ্তাহে উত্তরবঙ্গে বিয়ের বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে মিমি ও সিদ্ধার্থের। আগামী ৫ ডিসেম্বর তাদের সাত পাকে বাঁধা পড়ার কথা রয়েছে। এ উপলক্ষে ৩ ডিসেম্বর থেকে কালিম্পংয়ে শুরু হবে প্রাক্-বিয়ের আয়োজন। এরপর কলকাতায় ফিরে আগামী ১২ ডিসেম্বর টালিউডের বন্ধু ও সহকর্মীদের নিয়ে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করবেন অভিনেত্রী।
















