আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে একটি স্কুলের পাশে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৯০ জনের বেশি। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। স্কুলের পাশে থাকা একটি বিস্ফোরক সংরক্ষণাগার থেকে এ বিস্ফোরণের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে স্থানীয় প্রশাসন। এতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শনিবার (২৮ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০টার দিকে কুনার প্রদেশের রাজধানী আসাদাবাদের উপকণ্ঠে আন্দার সের এলাকায় এ ঘটনা ঘটে।
প্রদেশটির তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান সামি উল হক বায়ান জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, স্কুলের পাশের একটি বিস্ফোরক সংরক্ষণাগার থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেখানে বিভিন্ন খনি প্রতিষ্ঠানের খননকাজে ব্যবহারের জন্য বিস্ফোরক মজুত রাখা হয়েছিল। অসতর্কতার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিয়ের আয়োজনের মধ্যেই বিমান হামলা, মিয়ানমারে নিহত প্রায় ২০!

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, বিস্ফোরণে আহতদের মধ্যে প্রায় ১৫ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে। গুরুতর আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
এদিকে বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। কীভাবে বিস্ফোরক সংরক্ষণাগারে এ ঘটনা ঘটল এবং সেখানে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, আফগানিস্তানের অর্থনীতিতে খনিজ সম্পদ উত্তোলন একটি গুরুত্বপূর্ণ শিল্প। দেশটিতে বিভিন্ন খনিজ সম্পদ আহরণে একাধিক প্রতিষ্ঠান কাজ করছে। তবে খনিশিল্পে নিরাপত্তাব্যবস্থার ঘাটতির কারণে প্রায়ই দুর্ঘটনার ঘটনা ঘটে।
এর আগে গত আগস্টে আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রেনেড হামলার ঘটনায় ৪০ জনের বেশি শিশু আহত হয়েছিল।
সূত্র: আলজাজিরা
















