ফেনীর দাগনভূঞায় বিএনপির বিবদমান দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৬ জন আহত হয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যার দিকে দাগনভূঞা পৌরসভার আলাইয়ারপুর গ্রামে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর বাড়ির পাশে এ সংঘর্ষ ঘটে। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার একটু আগে ফেনী জেলা ছাত্রদলের বহিষ্কৃত নেতা কাজী জামশেদুর রহমান ফটিকের নেতৃত্বে ৪০ থেকে ৪৫টি হোন্ডার বহর পরিবেশমন্ত্রীর আলাইয়ারপুর গ্রামের বাড়ির সামনে দিয়ে পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের বৈরাগীরহাটের দিকে যাচ্ছিল। এ সময় মন্ত্রীর বাড়ির দিক থেকে লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা করা হয় বলে অভিযোগ ওঠে। দুই দিক থেকে ঘিরে তাদের মারধর করা হয়। এ সময় দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এবং কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
হামলায় ফটিকের অনুসারী ১১ জন কর্মী আহত হন। তাদের দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
টিকটকে পরিচয়, বিয়ে করতে মা-বাবাকে নিয়ে যশোরে মালয়েশিয়ার তরুণী!

অন্যদিকে মন্ত্রীর ভাই ও দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের অনুসারী ফেনী জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জসীমউদ্দীন দাবি করেন, তারা হোন্ডা বহর নিয়ে মন্ত্রীর বাড়িতে হামলার চেষ্টা করলে এলাকাবাসীর প্রতিরোধের মুখে পড়েন। এ সময় তাদের তিনজন কর্মী আহত হন। পরে দাগনভূঞা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের পর আলাইয়ারপুর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করে এবং প্রতিবেদন লেখা পর্যন্ত এলাকায় পুলিশ মোতায়েন ছিল।
আহতদের মধ্যে রয়েছেন আবুল বাশার, হৃদয় সওদাগর, মেহেদী হাসান, ফয়সাল, শিবলু, মহিদুল ইসলাম রাকু, তানভীর, মো. শামীম, ইয়াকুব আলী, সুয়েল ও জহিরুল হক সুয়েল প্রমুখ।
এ বিষয়ে কাজী জামশেদুর রহমান ফটিক সাংবাদিকদের বলেন, শুক্রবার বিকেলে পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের বৈরাগীরহাট বাজারে তাদের একটি খেলার উদ্বোধনের অনুষ্ঠান ছিল। সেখানে যাওয়ার জন্য তিনি নেতাকর্মীদের নিয়ে রওনা দেন। বন ও পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর বাড়ির সামনে গেলে জসিম, রাজু ও স্বপন নামের কয়েকজনের নেতৃত্বে তার নেতাকর্মীদের গুলি ছুড়তে ছুড়তে ধাওয়া দেওয়া হয়। এ সময় দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং ১২ থেকে ১৩টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এতে দাগনভূঞা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ও সাইফুল ইসলামসহ প্রায় ১১ জন নেতাকর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়েছে।
ফেনী জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জসীমউদ্দীন সাংবাদিকদের বলেন, ঘটনার দিন তিনি নিজের মাছের খামারে কর্মরত ছিলেন। পরে শুনতে পান, থানা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের নাম ধরে বহিষ্কৃত নেতা ফটিকের লোকজন গালিগালাজ করছে এবং বেশ কয়েকটি বোমা ফোটানো হয়েছে। তখন এলাকার নারী-পুরুষ দল বেঁধে প্রতিরোধ করলে তাদের হামলায় এলাকার তিনজন কর্মী আহত হন।
দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন সাংবাদিকদের জানান, দল থেকে বহিষ্কৃত কাজী জামশেদুর রহমান ফটিকের নেতৃত্বে তার বাড়ির সামনে চার-পাঁচটি বোমা ফোটানো হয়। এর পরিপ্রেক্ষিতে এলাকার জনগণ সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলে এবং তাদের ধাওয়া দেয়।
ঘটনার জন্য উভয় পক্ষই একে অপরকে দায়ী করেছে।
















