মিয়ানমারের সংঘাতপূর্ণ এলাকায় বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি চলাকালে সামরিক বাহিনীর বিমান হামলায় প্রায় ২০ জন নিহত হয়েছেন। শনিবার (২৮ নভেম্বর) দেশটির শান ও কারেন্নি রাজ্যের সীমান্তবর্তী মোয়ে বাই এলাকায় একটি বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। বাস্তুচ্যুত দুই ব্যক্তির বিয়ের আয়োজন চলছিল সেখানে। হামলায় নারী ও শিশুসহ বহু মানুষ হতাহত হয়েছেন। তবে নিহতের সঠিক সংখ্যা এখনো স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের অনুষ্ঠান উপলক্ষে বাড়িটিতে স্বজন ও অতিথিরা জড়ো হয়েছিলেন। এ সময় সামরিক বাহিনীর বিমান থেকে হামলা চালানো হয়। হামলার পর ঘটনাস্থলে গিয়ে ১৭ জনের মরদেহ দেখতে পান বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী।
প্রত্যক্ষদর্শীর ধারণ করা একটি ভিডিওতে হামলায় আহত কয়েকজনকে রক্তাক্ত অবস্থায় চিকিৎসার জন্য নিয়ে যেতে দেখা গেছে। অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের সরবরাহ করা ছবিতে অন্তত ছয়টি মরদেহের ছবি পাওয়া গেছে। নিহতদের মধ্যে একজন নারী ও একটি শিশুও রয়েছে বলে জানা গেছে। তবে ভিডিও এবং হতাহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এএফপি।
আফগানিস্তানে স্কুলের পাশে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১০ শিক্ষার্থী!

প্রত্যক্ষদর্শী জানান, হামলার আগে তিনি আকাশে উড়োজাহাজের শব্দ শুনতে পেয়েছিলেন। তবে ওই এলাকায় বিমান হামলা হতে পারে, তা তিনি ধারণা করতে পারেননি। কিছুক্ষণ পর বিস্ফোরণের শব্দ শুনে বাইরে বেরিয়ে ধোঁয়া দেখতে পান। পরে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধারে এগিয়ে যান।
তিনি আরও জানান, হামলায় আহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। এ ছাড়া হামলার পর কয়েকজনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। ফলে নিখোঁজ ব্যক্তিদের নিয়ে স্বজনদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
এদিকে হামলার বিষয়ে মিয়ানমারের সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। হতাহতের প্রকৃত সংখ্যা এবং হামলার বিস্তারিত পরিস্থিতি সম্পর্কেও এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০২১ সালে অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনী রাষ্ট্রক্ষমতা দখলের পর থেকেই মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। দেশটির বিভিন্ন অঞ্চলে সামরিক বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। এতে বেসামরিক মানুষের প্রাণহানি ও বাস্তুচ্যুতির ঘটনা নিয়মিত ঘটছে।
সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা এসিএলইডির তথ্য অনুযায়ী, মিয়ানমারের এই সংঘাতে এখন পর্যন্ত সব পক্ষ মিলিয়ে এক লাখের বেশি মানুষ নিহত হয়েছেন।
সূত্র: বার্তা সংস্থা এএফপি
















