বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সাম্প্রতিক সময়ে এই নৌপথে একাধিক তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনার পর শনিবার (১৭ অক্টোবর) এ ঘোষণা দেওয়া হয়। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে এ তথ্য জানা গেছে।
আইআরজিসির নৌবাহিনী জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো দেশের জাহাজই হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে না। এ নির্দেশ অমান্য করে কোনো জাহাজ প্রণালি অতিক্রমের চেষ্টা করলে কঠোর পরিণতির মুখে পড়তে হবে বলে সতর্ক করেছে বাহিনীটি। এমনকি মার্কিন বাহিনীর সহায়তার ওপর নির্ভর করে এই নৌপথ পাড়ি দেওয়ার চেষ্টা করলেও জাহাজগুলোকে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে হতে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
সম্প্রতি হরমুজ প্রণালিতে পানির নিচে থাকা মাইনের আঘাতে একটি বড় তেলবাহী ট্যাংকারে আগুন ধরে যাওয়ার খবর সামনে আসে। এর পরদিন সৌদি আরবের সমুদ্রসীমার কাছাকাছি এলাকায় আরও অন্তত দুটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটে বলে জানা যায়। পরপর এসব হামলা ও বিস্ফোরণের ঘটনায় অঞ্চলটির সামুদ্রিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।
নুডলস খাওয়ার পর একই পরিবারের ৫ জনের মৃত্যু, রয়েছে ৩ শিশুও!

পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্তকারী হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নৌপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও অন্যান্য জ্বালানি পরিবহন করা হয়। ফলে এখানে জাহাজ চলাচল বন্ধ হয়ে গেলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার পাশাপাশি তেলের দামেও বড় ধরনের প্রভাব পড়তে পারে।
এ পরিস্থিতিতে ইরানের নতুন ঘোষণার ফলে আন্তর্জাতিক জাহাজ চলাচল ও জ্বালানি বাণিজ্যে কী প্রভাব পড়ে, এখন সেদিকেই নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।
সূত্র: আল-জাজিরা ও ইরনা
















