শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোল প্লাজা অবরোধ করে ছাত্র ধর্মঘট পালনের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১টার দিকে তারা এ কর্মসূচি পালন করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েক হাজার নেতাকর্মী নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোল প্লাজার সামনে বৈঠা হাতে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছেন। প্রায় এক ঘণ্টা ধরে টোল প্লাজার কার্যক্রম বন্ধ রেখে তারা অবস্থান করেন বলে ভিডিওগুলোতে দেখা যায়। এতে দুই পাশে যানবাহন আটকে থাকে।
এসডিএফ কর্মকর্তা-কর্মচারীদের চাকরির নিরাপত্তা ও স্থায়ী জনবল কাঠামোর দাবিতে মানববন্ধন

এ সময় প্রায় ১০০টি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে এসব বিস্ফোরণ কারা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে।
ভিডিওতে আন্দোলনকারীদের ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’সহ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর নামে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
বিভিন্ন ফেসবুক আইডি থেকে সরাসরি সম্প্রচার করা এসব ভিডিও মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে পদ্মা সেতুর দক্ষিণ টোল প্লাজায় বিপুলসংখ্যক মানুষের অবস্থান ও যান চলাচল ব্যাহত হওয়ার দৃশ্য দেখা যায়।
এদিকে চারদিক থেকে অবরোধে নেতাকর্মীরা আসা শুরু করলে নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে জাজিরা এবং পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশ টোল প্লাজার প্রবেশদ্বার রক্ষায় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
এ বিষয়ে জানতে চাইলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জাকারিয়া রহমান বলেন, মধ্যরাতে ধর্মঘট বাস্তবায়ন করতে আসা ব্যক্তিরা ককটেল বিস্ফোরণ ঘটালে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এরপর তারা ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং জড়িত সবার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
















