জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নারীসংক্রান্ত অডিও-ভিডিওকে সত্য বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। একই সঙ্গে জামায়াত যদি শরিয়া আইনে বিশ্বাস করে, তাহলে আমির হামজার বিরুদ্ধে সেই আইন প্রয়োগ করা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক ভিডিওবার্তায় এসব কথা বলেন রাশেদ খাঁন।
ভিডিওবার্তায় তিনি জানান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী যাচাইয়ের জন্য আমির হামজার একটি অডিও-ভিডিও তাঁর কাছে পাঠিয়েছিলেন। পরে তিনি নিজে সেটির সত্যতা যাচাই করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন বলে দাবি করেন। এরপর জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা প্রায় ২০০টি ভিডিও তৈরি করে অডিওতে থাকা কণ্ঠ আমির হামজার নয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে সেটি তৈরি করা হয়েছে বলে দাবি করেন বলে উল্লেখ করেন তিনি।
আ.লীগকে গুপ্ত রাজনীতির কৌশল শিখিয়েছে জামায়াত!

রাশেদ খাঁনের ভাষ্য, ‘দ্য ডিসেন্ট’ নামের একটি বেসরকারি ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠানের অনুসন্ধানে অডিওটির কণ্ঠস্বর এআই দিয়ে তৈরি নয় বলে নিশ্চিত হওয়া গেছে। এ অনুসন্ধানের বরাত দিয়ে তিনি ভাইরাল অডিওটির সত্যতা প্রমাণিত হয়েছে বলে দাবি করেন।
এদিকে ওয়াজ মাহফিলে পবিত্র কোরআন সামনে রেখে আমির হামজার শপথ করারও সমালোচনা করেন রাশেদ খাঁন। তাঁর অভিযোগ, নিজের ভুল স্বীকার না করে কোরআন সামনে রেখে আল্লাহর নামে শপথের মাধ্যমে আমির হামজা মিথ্যাচার করেছেন।
রাশেদ খাঁন আরও দাবি করেন, জাতীয় নির্বাচনের আগেই জামায়াতের আমির ডা. শফিকুর রহমান আমির হামজার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে অবগত ছিলেন। এ বিষয়ে নির্বাচনের আগে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আমির হামজাকে ডেকে আলোচনা করা হয়েছিল বলেও দাবি করেন তিনি। তবে বিষয়টি প্রকাশ্যে না আসায় তাঁকে নির্বাচনে মনোনয়ন দেওয়া হয় বলে অভিযোগ করেন রাশেদ।
আমির হামজা ও গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে জামায়াতের আমিরের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। রাশেদ খাঁনের দাবি, একজন সংসদ সদস্যের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর প্রধানমন্ত্রী তাঁকে পদত্যাগের নির্দেশ দিয়েছিলেন এবং তিনি পদত্যাগ করেছেন। অথচ আমির হামজা ও গাজী নজরুল ইসলামের বিষয়ে ডা. শফিকুর রহমান তদন্ত বা পদত্যাগের নির্দেশ দেননি। এর মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
এ ছাড়া জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার বৈঠকের অভিযোগও সত্য বলে দাবি করেন রাশেদ খাঁন। তাঁর বক্তব্য, বিষয়টি জামায়াতের আমিরও জানেন।
সবশেষে আমির হামজাকে ঘিরে ওঠা অভিযোগের প্রসঙ্গ টেনে জামায়াতের শরিয়া আইন বাস্তবায়নের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন রাশেদ খাঁন। তিনি বলেন, জামায়াত যদি সত্যিই শরিয়া আইন বাস্তবায়নে বিশ্বাস করে, তাহলে আমির হামজার বিরুদ্ধে সেই আইন প্রয়োগ করবে কি না, তা স্পষ্ট করা উচিত। এ সময় তিনি পাথর নিক্ষেপে মৃত্যুদণ্ডের প্রসঙ্গও উল্লেখ করেন।
রাশেদ খাঁনের দাবি, এসব ঘটনার মধ্য দিয়ে জামায়াতে ইসলামীর অবস্থান ও নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

















