কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রাম্য সালিশে এক নারীকে প্রকাশ্যে জুতাপেটা করার ঘটনায় মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।
গত রবিবার (৮ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, চেয়ারম্যানের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে।
অভিযোগ অনুযায়ী, গত ১৮ আগস্ট গ্রাম্য সালিশে এক নারীকে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলে প্রকাশ্যে জুতাপেটা করেন চেয়ারম্যান ফরিদ উদ্দিন। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়।
ফিজিওথেরাপিস্ট হয়েও ডাক্তার পরিচয়ে চিকিৎসা

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪(১) ধারা এবং ৩৪(৪)(খ) ও (ঘ) উপধারায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এ বিষয়ে চেয়ারম্যান ফরিদ উদ্দিন বলেন, তিনি অনলাইনে বরখাস্তের চিঠি দেখেছেন এবং এ বিষয়ে জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

















