সাভার (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার সাভার উপজেলার আশুলিয়া থানাধীন ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভাদাইল বাজারসহ আশপাশের একাধিক সড়ক দীর্ঘ প্রায় ২০ বছর ধরে চরম বেহাল দশায় পড়ে রয়েছে। বারবার সরকারের পরিবর্তন হলেও ইপিজেড সংলগ্ন শ্রমিক অধ্যুষিত এই এলাকার অবহেলিত রাস্তাগুলোর কোনো প্রকার উন্নয়ন বা সংস্কারকাজ হয়নি বলে চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
ইপিজেড কেন্দ্রিক শিল্পাঞ্চল হওয়ায় এই এলাকায় কয়েক লাখ পোশাক শ্রমিক বসবাস করেন। প্রতিদিন ভোরে ও রাতে হাজার হাজার শ্রমিককে এই কাদা-পানি ও বিপজ্জনক রাস্তা পার হয়ে কর্মস্থলে যেতে হয়। প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটে এবং জামাকাপড় নষ্ট হয়ে কাজে সময়মতো পৌঁছাতে না পেরে ভোগান্তিতে পড়েন তারা। এলাকার ব্যবসায়ীরা বলেন, কাদা ও চলাচলের অযোগ্য পরিবেশের কারণে ক্রেতারা বাজারে আসতে চান না, ফলে স্থানীয় ব্যবসা-বাণিজ্যও ধসে পড়ছে।
দীর্ঘ দুই দশক পার হলেও কেন এই জনগুরুত্বপূর্ণ সড়কটির সংস্কারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ক্ষুব্ধ ভুক্তভোগীরা। অবিলম্বে রাস্তার কাদা ও খানাখন্দ দূর করে ড্রেনেজ ব্যবস্থাসহ পাকা সড়ক নির্মাণের জন্য সংশ্লিষ্ট স্থানীয় জনপ্রতিনিধি ও ঢাকা জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন ভাদাইলবাসী।

















