জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’-এ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উচ্চশিক্ষার মানোন্নয়ন, কলেজ শিক্ষায় সুশাসন প্রতিষ্ঠা এবং প্রযুক্তিনির্ভর যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হচ্ছে এ সম্মিলন। এতে দেশের বিভিন্ন কলেজের অধ্যক্ষদের পাশাপাশি শিক্ষামন্ত্রীসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নিয়েছেন।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে পৌঁছান প্রধানমন্ত্রী। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সম্মিলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
এবারের অধ্যক্ষ সম্মিলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘দক্ষতা আর প্রযুক্তিতে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’। উচ্চশিক্ষার মান উন্নত করা, কলেজ শিক্ষায় সুশাসন নিশ্চিত করা এবং শিক্ষাব্যবস্থাকে সময়োপযোগী করে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য।
গণভোটের রায় উপেক্ষা করলে পুরোনো ফ্যাসিস্টদের ফেরার পথ তৈরি হবে: জামায়াত আমির

পাশাপাশি দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে অধ্যক্ষদের ভূমিকা আরও কার্যকর করার বিষয়েও সম্মিলনে গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মাধ্যমে কলেজগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমন্বয় বাড়ানো এবং কলেজ পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজে বর্তমানে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছেন। দেশের উচ্চশিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রায় ৭০ শতাংশই এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থী। ফলে দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে এসব কলেজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহর।
এ ছাড়া সম্মিলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।
















