কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে প্রেমিকাকে বাসায় ডেকে এনে ধর্ষণের পর অতিরিক্ত রক্তক্ষরণে এক তরুণীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের বাবার দায়ের করা মামলার পর অভিযুক্ত প্রেমিককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
নিহত দিয়া বণিক (১৮) ময়মনসিংহের ভালুকা উপজেলার মধ্যপাড়া বাজার এলাকার মনি বণিকের মেয়ে। গ্রেফতারকৃত শান্ত পাল (২৭) কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাচাইল পালপাড়া গ্রামের সুনীল চন্দ্র পালের ছেলে। সে কালিয়াকৈরের সফিপুর আহমদ নগর এলাকায় রাজ্জাক মিয়ার বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করত।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর ধরে বড় ভাইয়ের শ্যালিকা দিয়া বণিকের সাথে প্রেমের সম্পর্ক ছিল শান্ত পালের। এর ধারাবাহিকতায় গত রবিবার (৪ অক্টোবর) সকালে বাড়ি থেকে কোচিংয়ে যাওয়ার কথা বলে সফিপুর এলাকায় শান্ত পালের সাথে দেখা করতে আসেন দিয়া বণিক। এ সময় শান্ত তাকে নিজের ভাড়া বাসায় নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে। ধর্ষণের পর অতিরিক্ত রক্তক্ষরণের কারণে দিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে সফিপুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসিকে হুমকি দেয়া সেই বিএনপি নেতা সাগর বহিষ্কার

পরে শান্ত নিজেই দিয়ার পরিবারকে মৃত্যুর খবর জানায় এবং মরদেহ নিয়ে ভালুকায় তাদের গ্রামের বাড়িতে যায়। সেখানে স্বজনরা তাকে আটকে রেখে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় শান্ত পালকে একমাত্র আসামি করে কালিয়াকৈর থানায় ধর্ষণ ও হত্যার অভিযোগে মামলা দায়ের করেছেন নিহতের বাবা মনি বণিক। শান্তকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এদিকে পৃথক এক অভিযানে কালিয়াকৈরের কাথাজুড়ি এলাকায় এক অষ্টম শ্রেণির ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণের মামলার দ্বিতীয় আসামি রনি মিয়াকে (১৮) গ্রেফতার করেছে পুলিশ। রনি কাথাজুড়ি গ্রামের নীল মিয়ার ছেলে। গত ২৭ সেপ্টেম্বর ওই শিক্ষার্থীকে বেড়ানোর কথা বলে এক বন্ধুর বাড়িতে নিয়ে ধর্ষণ করা হয়। ওই ঘটনায় প্রধান আসামি গ্রেফতার হলেও সহযোগী রনি পলাতক ছিল। গত সোমবার রাতে পুলিশ অভিযান চালিয়ে এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “তরুণীর মৃত্যুর ঘটনায় যুবককে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে জেলহাজতে পাঠানো হবে। এ ছাড়া স্কুলছাত্রী ধর্ষণের মামলায় রনি মিয়াকেও গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।”

















