সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ এবং সব নাগরিকের মানবাধিকার নিশ্চিত করার দাবিতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৭ অক্টোবর) বিকেলে বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার আন্দোলন উপপরিষদের উদ্যোগে পৌর পার্ক রোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, “সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ কর, সব নাগরিকের মানবাধিকার নিশ্চিত কর” আহ্বানকে সামনে রেখে তারা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন।
তারা বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ ও মতাদর্শ নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সাম্প্রদায়িক উসকানি, বিদ্বেষ, বৈষম্য ও সহিংসতা সমাজে বিভাজন সৃষ্টি করে এবং নাগরিকদের মৌলিক ও মানবাধিকারকে ক্ষুণ্ন করে।
সাভারে ২৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় পুলিশ সেজে ডাকাতি করা চক্রের ৩ সদস্য গ্রেফতার

মানববন্ধনে বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের সব অপচেষ্টা প্রতিহত করতে গণসচেতনতা বৃদ্ধি, আইনের যথাযথ প্রয়োগ এবং অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের জানমাল, উপাসনালয় এবং সাংস্কৃতিক অধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
এ সময় বক্তব্য দেন: বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি মাহফুজা খানম কিতা, সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ, আন্দোলন সম্পাদক লুনা ইসলাম, লিগ্যাল এইড সম্পাদক নিয়াজ আক্তার ইয়াসমিন এবং পরিবেশ ও জলবায়ু সম্পাদক বিথি বেগমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
















