কুড়িগ্রামের রাজারহাটে স্ত্রীর স্বীকৃতির দাবিতে বিয়ের কাবিননামা হাতে স্বামীর বাড়ির সামনে অনশনে বসেছেন ২১ বছর বয়সী এক তরুণী। এদিকে অভিযুক্ত যুবক এমদাদুল হক রিয়াদ ও তাঁর পরিবারের সদস্যরা বাড়িতে তালা দিয়ে অন্যত্র চলে গেছেন বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের পুঠিকাটা গ্রামের ইউসুফ আলীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এর আগের দিন বুধবার থেকে অনশন শুরু করেন ওই তরুণী। অভিযুক্ত রিয়াদ ওই গ্রামের ইউসুফ আলীর ছেলে।
তরুণীর অভিযোগ, প্রায় ছয় বছর আগে রিয়াদের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর ধারাবাহিকতায় চলতি বছরের ১০ অক্টোবর লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের কাজি মো. ফয়জার রহমানের বাড়িতে নিকাহনামার মাধ্যমে তাঁদের বিয়ের অঙ্গীকারনামা সম্পাদিত হয়। এর আগে ২০২৩ সালেও তাঁরা বিয়ে করেছিলেন বলে দাবি করেন তিনি। তবে বয়স কম থাকায় রিয়াদের পরিবার সেই বিয়ে মেনে নেয়নি বলে অভিযোগ তাঁর।
বিয়েবাড়ি সাজাতে গিয়ে প্রাণ গেল কিশোরের!

তরুণীর দাবি, গত এক মাস ধরে রিয়াদ তাঁকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়ে আসছেন। এ কারণে বিয়ের কাবিননামা হাতে নিয়ে স্বামীর বাড়ির সামনে অনশনে বসেছেন তিনি।
স্থানীয় বাসিন্দা আব্দুস সালাম বলেন, ‘সবার মুখে শুনতে পাই রিয়াদের বাড়িতে এক মেয়ে অনশন করছে। বিষয়টি জানার পর ঘটনাস্থলে দেখতে আসি। এসে দেখি, মেয়েটি বিয়ের কাবিননামা হাতে নিয়ে বাড়ির দরজার সামনে বসে আছে।’
একই এলাকার বাসিন্দা হায়দার আলী বলেন, ‘দুপুর থেকে ওই তরুণী বিয়ের কাবিননামা হাতে রিয়াদের বাড়ির সামনে অনশন করছেন। বিষয়টি জানার পর ঘটনাস্থলে এসেছি। আমরা এলাকাবাসী চাই, উভয় পক্ষের সঙ্গে কথা বলে সুষ্ঠু ও গ্রহণযোগ্য সমাধান করা হোক।’
এদিকে অনশনের খবর পেয়ে রিয়াদের পরিবারের সদস্যরা বাড়িতে তালা দিয়ে অন্যত্র চলে গেছেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত রিয়াদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, অনশনের ঘটনা সম্পর্কে তিনি অবগত নন। তবে এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
















