চাঁদপুর সদর উপজেলার ৪ নম্বর শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে রাতের আঁধারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এতে কার্যালয়ের প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, গভীর রাতে মাথায় হেলমেট পরা এক যুবক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রবেশ করেন। প্রথমেই তিনি ওই কার্যালয়ের জানালার কাচগুলো ভাঙতে থাকেন। এরপর পেট্রোল ঢেলে সেখানে আগুন জ্বালিয়ে দেন।
স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় চাঁদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বেনাপোল থেকে ঢাকাসহ বিভিন্ন রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ!

এ বিষয়ে শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বিল্লাল হোসেন বলেন, দুর্বৃত্তের দেওয়া অগ্নিসংযোগে কার্যালয়ের আনুমানিক ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ দেখে এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

















