খাগড়াছড়ি সদর উপজেলায় পার্কিং করে রাখা সাজেকগামী পর্যটক পরিবহনের দুটি পিকআপে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে খাগড়াপুর এলাকার মাস্টারের দোকানের সামনে এ ঘটনা ঘটে। আগুনে গাড়ি দুটির ভেতরের আসনসহ বিভিন্ন অংশ পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনার পর খাগড়াছড়ি শহর ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, খাগড়াপুর এলাকার মাস্টারের দোকানের সামনে নিয়মিত চারটি পিকআপ পার্কিং করে রাখা হতো। এসব গাড়ি সাজেক সড়কে পর্যটক পরিবহনের কাজে ব্যবহৃত হয়। বুধবার রাতেও গাড়িগুলো যথারীতি সেখানে রাখা ছিল। গভীর রাতে দুর্বৃত্তরা চারটি গাড়ির মধ্যে দুটি পিকআপে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই গাড়ি দুটির ভেতরের আসনসহ বিভিন্ন অংশ পুড়ে যায়।
নারায়ণগঞ্জে খড়বোঝাই ট্রাকে দুর্বৃত্তদের আগুন, অল্পের জন্য রক্ষা চালক-হেলপার!

গাড়িচালক রিটেন ত্রিপুরা জানান, রাতে বাড়ির পাশেই পিকআপগুলো পার্কিং করে রেখেছিলেন তাঁরা। সেখানে নিয়মিত চারটি গাড়ি রাখা হয়। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখেন, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। তবে ততক্ষণে দুটি গাড়ির বেশ কিছু অংশ পুড়ে গেছে।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মুকুল কুমার নাথ বলেন, আগুন লাগার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। পরে দুটি পিকআপের আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যে পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুন দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও তার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এদিকে অগ্নিসংযোগের ঘটনার পর খাগড়াছড়ি শহর ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাতভর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পুলিশের একাধিক গাড়ি টহল দিয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
অন্যদিকে জেলার জিরো মাইল, বটতলা ও ঠাকুরছড়াসহ কয়েকটি এলাকায় ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীরা মিছিল করেছেন। দলীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে এসব কর্মসূচি পালন করা হয়।
এ ছাড়া রাতে সদরের জিরো মাইল এলাকায় নাশকতার চেষ্টার অভিযোগে বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা কমিটির সভাপতি নজরুল ইসলামকে আটক করেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
পর্যটননির্ভর সাজেক সড়কে চলাচলকারী যানবাহনে এ ধরনের অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয় পরিবহনসংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত ও পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।
















