দেশীয় ও আন্তর্জাতিক চাকরির বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ করে ডিজিটাল প্রযুক্তি, যোগাযোগ দক্ষতা ও সময়োপযোগী বিষয়ে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষা কার্যক্রম পরিচালনার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (১৫ নভেম্বর) বঙ্গভবনে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল-আলম রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
সাক্ষাৎকালে বিইউপির উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম, শিক্ষা ও গবেষণার অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
সামান্তা শারমিনকে ‘জয় বাংলা’ করে দেওয়ার হুমকি, নিষিদ্ধ ছাত্রলীগকর্মীর বিরুদ্ধে অভিযোগ!

এ সময় তিনি জানান, বর্তমান চাকরির বাজারের চাহিদা বিবেচনায় নিয়ে বিইউপিতে সাইবার নিরাপত্তা, ন্যানো প্রযুক্তি ও তথ্য বিশ্লেষণসহ বিভিন্ন সময়োপযোগী বিষয়ে পাঠদান করা হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের দেশীয় ও আন্তর্জাতিক চাকরির বাজারে প্রতিযোগিতার উপযোগী করে গড়ে তুলতে যোগাযোগ দক্ষতাসহ প্রয়োজনীয় পেশাগত দক্ষতা উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
রাষ্ট্রপতি বলেন, উচ্চশিক্ষার মূল লক্ষ্য শুধু শিক্ষার্থীদের সনদ প্রদান নয়, বরং তাদের বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং কর্মক্ষেত্রে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের উপযোগী করে গড়ে তোলা। এ জন্য বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যক্রম ও শিক্ষা কার্যক্রম চাকরির বাজারের পরিবর্তিত চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া প্রয়োজন।
তিনি আরও গুরুত্বারোপ করেন, প্রযুক্তিনির্ভর বিশ্বে টিকে থাকতে শিক্ষার্থীদের ডিজিটাল প্রযুক্তি ও যোগাযোগ দক্ষতার পাশাপাশি প্রয়োজনীয় জ্ঞান ও কর্মমুখী দক্ষতা অর্জন করতে হবে। সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে এসব বিষয় বিবেচনায় নিয়ে শিক্ষার মান আরও উন্নত করার উদ্যোগ নিতে হবে।
সাক্ষাৎকালে বিইউপির উপাচার্য আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবর্তনে উপস্থিত থাকার আশ্বাস দেন।
এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, প্রেস সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
















