বিজয় দিবস ১৬ ডিসেম্বর থেকে আংশিকভাবে চালু হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। প্রাথমিক পর্যায়ে দুটি আগমন ও দুটি বহির্গমন ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে এর কার্যক্রম শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এ তথ্য জানিয়েছেন।
এদিন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলন কক্ষে তৃতীয় টার্মিনাল উদ্বোধন ও চালুর প্রস্তুতি নিয়ে আয়োজিত এক সভায় তিনি এ পরিকল্পনার কথা জানান। সভায় টার্মিনালটি নির্ধারিত সময়ে চালু করতে প্রয়োজনীয় প্রস্তুতি ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
সভায় মন্ত্রী বলেন, তৃতীয় টার্মিনাল চালু করা বর্তমান সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গীকার। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যেই এর কার্যক্রম শুরু করতে হবে। এ নির্দেশনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট সব সংস্থাকে নিজ নিজ দায়িত্ব যথাসময়ে সম্পন্ন করতে হবে।
‘এই কথা বলতে বলতে বুড়ো হয়ে গেলাম’, কুমিল্লা বিভাগ না হওয়ায় হতাশ এমপি!

টার্মিনালটি চালুর প্রস্তুতির অংশ হিসেবে সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে রয়েছে প্রয়োজনীয় অভিবাসন বুথে কার্যক্রম শুরু, ব্যাগেজ বেল্ট ও স্ক্যানার স্থাপন, পরীক্ষামূলকভাবে উড়োজাহাজ চলাচল পরিচালনা এবং প্রয়োজনীয় চুক্তি স্বাক্ষর। এসব কাজের বর্তমান অগ্রগতি ও বাকি কার্যক্রম দ্রুত সম্পন্ন করার বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতিনিধিরা মতামত তুলে ধরেন।
মন্ত্রী আরও বলেন, সংশ্লিষ্ট সবার দীর্ঘদিনের প্রচেষ্টার ফলে তৃতীয় টার্মিনাল চালুর পর্যায়ে পৌঁছানো সম্ভব হয়েছে। এখন পরিকল্পনা অনুযায়ী অবশিষ্ট কাজগুলো শেষ করতে হবে। ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালুর পর টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালুর জন্য প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রাথমিকভাবে সীমিতসংখ্যক ফ্লাইট দিয়ে কার্যক্রম শুরু হলেও পরবর্তী সময়ে ধাপে ধাপে টার্মিনালটির কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

















