দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে স্বাধীনতার পর প্রথমবারের মতো দিনাজপুরের হিলি রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি শুরু করেছে ঢাকাগামী আন্তনগর ট্রেন। রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় চিলাহাটি থেকে ছেড়ে আসা ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেনের যাত্রাবিরতির মধ্য দিয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়। প্রথমবার ট্রেন থামার ঐতিহাসিক মুহূর্তকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে দেখা দেয় আনন্দ ও উৎসবের আমেজ। যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয়রা।
হিলি রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি এবং রেলওয়ের রাজস্ব আয় বাড়ানোর বিষয়টি বিবেচনায় নিয়ে গত ২৮ অক্টোবর স্টেশনটিতে দুটি আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির অনুমোদন দেয় রেলওয়ে কর্তৃপক্ষ। ট্রেন দুটি হলো ‘নীলসাগর এক্সপ্রেস’ ও ‘চিলাহাটি এক্সপ্রেস’। রোববার থেকে আনুষ্ঠানিকভাবে ট্রেন দুটির যাত্রাবিরতি কার্যকর হওয়ায় হিলি ও আশপাশের এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানান, ব্রিটিশ আমলে নির্মিত গুরুত্বপূর্ণ এই রেলস্টেশনটিতে দেশ স্বাধীন হওয়ার পর থেকে ঢাকাগামী কোনো আন্তনগর ট্রেন থামত না। ফলে হিলি স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট ব্যবহারকারী যাত্রী, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে ঢাকায় যাতায়াতের জন্য পাশের বিরামপুর অথবা জয়পুরহাটের পাঁচবিবি রেলস্টেশনে যেতে হতো।
মতলব উত্তরে মাদ্রাসার তিন ছাত্র নিখোঁজ, উদ্বেগে পরিবার

এতে যাত্রীদের অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করার পাশাপাশি নানা ধরনের ভোগান্তি পোহাতে হতো। বিশেষ করে দূরপাল্লার যাত্রীদের জন্য স্টেশন পরিবর্তন করে ট্রেনে ওঠা ছিল বেশ কষ্টসাধ্য। দীর্ঘদিন ধরে হিলি স্টেশনে আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবি জানিয়ে আসছিলেন স্থানীয়রা।
অবশেষে সেই দাবি বাস্তবায়িত হওয়ায় হিলিবাসীর মধ্যে স্বস্তি ও আনন্দ ফিরে এসেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, নতুন এই যাত্রাবিরতির ফলে রাজধানী ঢাকার সঙ্গে হিলির সরাসরি রেল যোগাযোগ আরও সহজ হবে। পাশাপাশি হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য, ইমিগ্রেশন কার্যক্রম এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে।
তাদের প্রত্যাশা, ট্রেনের এই যাত্রাবিরতি শুধু যাতায়াতের সুবিধাই বাড়াবে না, বরং হিলি ও আশপাশের এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডেও নতুন গতি সঞ্চার করবে।
















